আমেরিকার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করল উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i65671-আমেরিকার_সঙ্গে_পূর্ব_নির্ধারিত_বৈঠক_বাতিল_করল_উত্তর_কোরিয়া
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে নিউ ইয়র্কে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে পিয়ংইয়ং। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গতরাতে (বৃহস্পতিবার রাতে) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০৯, ২০১৮ ১২:২৪ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প- কিম জং উন
    ডোনাল্ড ট্রাম্প- কিম জং উন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে নিউ ইয়র্কে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে পিয়ংইয়ং। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গতরাতে (বৃহস্পতিবার রাতে) এ তথ্য জানিয়েছেন।

তবে একইসঙ্গে তিনি মুখরক্ষার জন্য দাবি করেন, বৈঠক স্থগিত হয়ে যাওয়া ‘তেমন কোনো বিষয় নয়’ এবং এটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

মাইক পম্পেও’র সঙ্গে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের পূর্ব নির্ধারিত বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো কারণ উল্লেখ না করে জানায়, বৈঠকটি ‘স্থগিত’ হয়ে গেছে।  জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতও এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

কিন্তু নিকি হ্যালি বৃহস্পতিবার জানালেন উত্তর কোরিয়াই বৈঠকটি বাতিল করে দিয়েছে।

নিকি হ্যালি

গত জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের নজিরবিহীন বৈঠকের পর দু’দেশের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনা শুরু হয়। সিঙ্গাপুর শীর্ষ বৈঠকে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হলেও এর প্রক্রিয়া নিয়ে পরবর্তী আলোচনা অনুষ্ঠানের ইঙ্গিত দেয়া হয়।

আমেরিকা উত্তর কোরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পিয়ংইয়ং পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল। এখন থেকে এক সপ্তাহ আগে দেয়া ওই হুমকিতে পিয়ংইয়ং বলেছিল, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে রেখে দ্বিপক্ষীয় সংলাপে আস্থার সংকট সৃষ্টি করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯