সিরিয়ায় থাকার বিষয়ে আমেরিকা অবাস্তব যুক্তি খাড়া করছে: ল্যাভরভ
সিরিয়ার ভূখণ্ডে নিজের অবৈধ উপস্থিতি বজায় রাখার জন্য আমেরিকা যে 'অবাস্তব যুক্তি' খাড়া করেছে তার নিন্দা জানিয়েছে রাশিয়া। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকলে দায়েশকে নির্মূল করা অসম্ভব বলে আমেরিকার পক্ষ থেকে বক্তব্য দেয়ার পর রাশিয়ার এ প্রতিক্রিয়া এলো।
ইতালির রোমে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক প্রশান্ত মহাসাগরীয় ফোরামে দেয়া বক্তৃতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে দেশটিতে মার্কিন সেনা পাঠানো হয়েছে বলে ওয়াশিংটন দাবি করছে। তারা আরো বলছে যে, যতক্ষণ প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং ইরান সিরিয়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত দায়েশ বা আইএসআইএলকে পরাজিত করা অসম্ভব। আমি মনে করি এটি তাদের অবাস্তব যুক্তি।"
পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, সিরিয়ার জনগণ নিজেদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেয় তার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। তিনি আরো বলেন, সিরিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে দেশটির জনগণ নিজেদের ব্যাপারে যে ভাগ্য নির্ধারণ করবেন তা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। সম্প্রতি সিরিয়া বিষয়ে মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফ্রি দাবি করেন যে সিরিয়ায় তাকফিরি গোষ্ঠী দায়েশকে নির্মূল এবং দেশটি থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের প্রত্যাহারে বাধ্য করতেই সেখানে আমেরিকা সেনা পাঠিয়েছে। এর প্রতিক্রিয়ায় ল্যভরভ এসব মন্তব্য করেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন