রাশিয়ার সঙ্গে উত্তেজনা: সামরিক শাসন জারির চিন্তা করছে ইউক্রেন
-
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো দেশে সামরিক শাসন জারির প্রস্তাব করেছেন। তিনি তার ভাষায় বলেছেন, রাশিয়ার বেড়ে চলা আগ্রাসী তৎপরতার কারণে দেশে সামরিক শাসন জারি করা দরকার।
ইউক্রেনের তিনটি যুদ্ধজাহাজ রুশ পানি সীমা লঙ্ঘন করার পর সেগুলো রাশিয়া আটক করে এবং এরপর দু দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। বিষয়টি নিয়ে গতকাল (রোববার) প্রেসিডেন্ট পোরোশেংকো মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আগ্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার জবাবে এই পদক্ষেপ নিতে চান তিনি। তবে এটা পরিষ্কার নয় যে, সামরিক শাসন জারির মাঝ দিয়ে তিনি কী করতে চান।
পোরোশেংকো নিজেও বলেছেন, সামরিক শাসন জারির অর্থ রাশয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা নয়। ইউক্রেনের সামনে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধুমাত্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, “সামরিক শাসন জারি করলে দেশের সীমানা রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় বন্ধ হয়ে যাবে -এমনটা ভাবারও অবকাশ নেই।”
দেশের সামরিক শাসন জারির বিষয়ে ইউক্রেনের সংসদ সদস্যরা আজ (সোমবার) জাতীয় সংসদে ভোটাভুটিতে অংশ নেবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৬