এস-৪০০ কিনলে তুরস্ককে এফ-৩৫ দেয়া উচিত না: মার্কিন জেনারেল
-
জেনারেল কার্টিস স্ক্যাপ্যারোটি
আমেরিকার শীর্ষ সেনা কর্মকর্তা ও ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল কার্টিস স্ক্যাপ্যারোটি বলেছেন, তুরস্ক যদি রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে তাহলে আংকারাকে উচ্চ প্রযুক্তির এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা উচিত হবে না।
গতকাল (মঙ্গলবার) মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে তিনি একথা বলেন। তিনি বলেন, আমেরিকার জন্য এটাই সবচেয়ে ভালো উপদেশ যে, যতক্ষণ পর্যন্ত তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাদ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশটিকে লকহিড মার্টিন কোম্পানি নির্মিত এফ-৩৫ বিমান সরবরাহ করা ঠিক হবে না। তিনি বলেন, যদি তুরস্ক এস-৪০০ মোতায়েন করে তাহলে তা ন্যাটোর সমন্বিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে কাজ করবে না। এছাড়া, আমেরিকার সব বিমানের জন্য বিশেষ করে এফ-৩৫ জঙ্গিবিমানের জন্য সমস্যা তৈরি করবে।
জেনারেল স্ক্যাপ্যারোটি বলেন, এ অবস্থায় তুরস্ককে এফ-৩৫ বিমান সরবরাহ না করাই ভালো। ন্যাটোর একটি মিত্র দেশ রাশিয়া থেকে বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে আবার তার কাছে এফ-৩৫ বিমান থাকবে- সেটা হতে পারে না। এ ক্ষেত্রে তুরস্ককে এস-৪০০ নিয়ে তাদের সিদ্ধান্ত পূনর্বিবেচনা করা উচিত। জেনারেল স্ক্যাপ্যারোটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এস-৪০০ কেনার পরিণতিতে ওয়াশিংটন ও আংকারার মধ্যে ভবিষ্যতে কোনো সামরিক উপকরণ বেচাকেনা হবে না।#
পার্সটুডে/এসআইবি/৬