এস-৪০০ কেনার বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞার খড়গ এড়াতে ভারত আশাবাদী
ভারত বলেছে, রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয় করা হলে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটানোর বিষয়ে তারা দৃঢ় আশাবাদী। প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যখন চীন ও তুরস্কের টানাপড়েন চলছে তখন ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা খাতে শক্তিশালী হওয়ার জন্য রাশিয়ার তৈরি সমরাস্ত্রের প্রয়োজন রয়েছে।
যেসব দেশ রাশিয়ার সমরাস্ত্র কিনবে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে আমেরিকা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত অক্টোবরে মার্কিন হুমকি উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ ক্রয় করার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫ বিলিয়ন ডলার অর্থ মূল্যের চুক্তিতে স্বাক্ষর করেন।
সিতারামন বলেন, ক্ষেপণাস্ত্র ক্রয়ের কারণ মার্কিন প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। আশা করা যাচ্ছে যে ওয়াশিংটন সেগুলো গ্রহণ করবে এবং নয়া দিল্লীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। তিনি আরো বলেন "আমাদের পক্ষ থেকে যথাযোগ্য ব্যাখ্যা দেয়া হয়েছে। আমাদের উপস্থাপিত কারণগুলোকে তারা সাদরে গ্রহণ করেছে।" ভারত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে পারবে কিনা-এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী সিতারামনকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, হ্যাঁ আমি অত্যন্ত আশাবাদী।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪