লাতিন আমেরিকায় দায়েশ ও আল-কায়েদার উত্থান ঘটছে: রাশিয়া
রাশিয়ার সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান ইগোর কস্তিইয়ুকভ বলেছেন, লাতিন আমেরিকার দেশগুলোতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদার উত্থান ঘটছে। সেখান থেকে এসব সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নতুন সদস্য সংগ্রহ করে তাদেরকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে কাজে লাগানো হবে।
ইগোর কস্তিইয়ুকভ বলেন, লাতিন আমেরিকার কোনো কোনো দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে যা নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। মস্কো আন্তর্জাতিক প্রতিরক্ষা ফোরামে দেয়া বক্তৃতায় ইগোর কস্তিইয়ুকভ এসব কথা বলেন। ফোরামে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।
রুশ এ সেনা কর্মকর্তা বলেন, লাতিন আমেরিকায় ৬০ লাখ মুসলমানের বসবাস রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদেরকে টার্গেট করেছে। নতুন সদস্য সংগ্রহ করার জন্য তারা তহবিলও সংগ্রহ করছে।
লাতিন আমেরিকার দেশগুলোতে এ পর্যন্ত উগ্রবাদ নেই বললেই চলে। তবে গত বছর ব্রাজিলের কৌঁসুলিরা বলেছিলেন, দায়েশ প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এটি ছিল অনেকটা দুর্লভ একটি ঘটনা।#
পার্সটুডে/এসআইবি/২৭