জাপানে দু’দফা ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ১৫০০
দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছে। সর্বশেষ হিসেবে বলা হয়েছে এতে ১৫০০ আহত হয়েছে। আজ(শনিবার) জাপানের স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এ সংখ্যা ঘোষণা করেছে।
অবশ্য ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে এতে আশংকা প্রকাশ করা হয়েছে। হাজার হাজার সেনা সদস্য এবং ত্রাণকর্মী আটকা পড়া মানুষদের উদ্ধারে ছুটে গেছেন।
এদিকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে, উদ্ধার ও ত্রাণ অভিযান আরো জটিল হয়ে দাঁড়াবে। এ ছাড়া, দুই দফা ভূমিকম্পের কারণে ভূমির প্রকৃতি দুর্বল হয়ে পড়েছে এবং বৃষ্টি হলে ভূমিধ্বস ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে, দুর্গত অঞ্চলে ত্রাণের অপেক্ষায় রয়েছে অসহায় মানুষ। প্রাকৃতিক দুর্যোগের কারণে ৭০ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জাপানের ক্যাবিনেট সচিব ইউশিদি সুগা। এদিকে, স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, দুই লাখ বাড়িতে বিদ্যুৎ নেই এবং চার লাখ ১০ হাজার বাড়িতে পানি নেই।#
মূসা রেজা/১৬