রুশ কূটনীতিকদের ভিসা দিতে আমেরিকার অস্বীকৃতি: নিন্দা জানাল মস্কো
https://parstoday.ir/bn/news/world-i70303-রুশ_কূটনীতিকদের_ভিসা_দিতে_আমেরিকার_অস্বীকৃতি_নিন্দা_জানাল_মস্কো
জাতিসংঘের নিউ ইয়র্ক দপ্তরের জন্য নিয়োগপ্রাপ্ত কয়েকজন রুশ কূটনীতিককে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তরের পরিচালক ভ্লাদিমির ইয়ারমাকোভ এ খবর জানিয়ে বলেছেন, মার্কিন সরকারের এ আচরণ গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১২, ২০১৯ ০১:২০ Asia/Dhaka
  • ভ্লাদিমির ইয়ারমাকোভ
    ভ্লাদিমির ইয়ারমাকোভ

জাতিসংঘের নিউ ইয়র্ক দপ্তরের জন্য নিয়োগপ্রাপ্ত কয়েকজন রুশ কূটনীতিককে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তরের পরিচালক ভ্লাদিমির ইয়ারমাকোভ এ খবর জানিয়ে বলেছেন, মার্কিন সরকারের এ আচরণ গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

তিনি বলেন, এ পদক্ষেপের মাধ্যমে আমেরিকা কার্যত ১৯৪৭ সালে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছে। ওই চুক্তি অনুযায়ী জাতিসংঘের সদরদপ্তরে এই সংস্থার সদস্য দেশগুলোর নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাধীনভাবে গমনাগমনের পথ উন্মুক্ত রাখবে ওয়াশিংটন।  

ভ্লাদিমিরি ইয়ারমাকোভ আরো বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি পুনর্মূল্যায়নের ব্যাপারে ২০২০ সালে অনুষ্ঠেয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ক কমিটির সদস্য হিসেবে মস্কো যেসব কূটনীতিককে নিউ ইয়র্ক পাঠাতে চেয়েছিল তাদেরকে ভিসা দিতে রাজি হয়নি ওয়াশিংটন।  

নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তর (ফাইল ছবি)

এর আগে গত সপ্তাহে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সহকারীকে নিউ ইয়র্ক সফরের ভিসা দেয়নি মার্কিন সরকার। ফলে জাতিসংঘের একটি অধিবেশনে একাকি অংশগ্রহণ করতে বাধ্য হন জাখারোভা।

রুশ সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিস্তার, ইউক্রেন সংকট ও সিরিয়া পরিস্থিতি নিয়ে তীব্র মতবিরোধের কারণে ২০১৪ সাল থেকে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কে টানাপড়েন চলছে।  মার্কিন সরকার এখন পর্যন্ত রাশিয়ার অর্থনৈতিক খাতের ওপর ৬৬টি নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং শত শত রুশ নাগরিককে এসব নিষেধাজ্ঞার আওতায় ফেলে রেখেছে। এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে মস্কো। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।