ইরান-আমেরিকার সম্ভাব্য সামরিক সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন জেরেমি হান্ট
-
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট
অনিচ্ছাকৃত কারণে ইরান এবং আমেরিকার মধ্যে সামরিক সংঘাত বেঁধে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
আজ (সোমবার) ব্রাসেলসে হান্ট বলেন, "একটি অনিচ্ছাকৃত সংঘাত দূর্ঘটনাবশত বেঁধে যাওয়ার ঝুঁকি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।" তিনি দাবি করেন যে এ ধরনের সংঘাত দুই পক্ষের মাধ্যমেই দুর্ঘটনায় বেঁধে যেতে পারে। তবে এখানে তিনি আমেরিকার পক্ষ থেকে নেয়া পদক্ষেপের ফলে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটি পাশ কাটিয়ে গেছেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে তার প্রশাসন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অবলম্বন করছেন। এ নীতি প্রয়োগের মূলহোতা পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে সামরিক সংঘাতের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। তেহরানের বিরুদ্ধে বলপ্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনকে বের করে নেন এবং ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন।
হান্ট বলেন, সবাইকে কিছু সময়ের জন্য শান্ত থাকতে হবে। যাতে সবাই বুঝতে পারে যে অন্য পক্ষ প্রকৃতপক্ষে কী চিন্তা করছে। তবে আমাদের সবাইকে এটা নিশ্চিত করতে হবে যে ইরান যেন আর পরমাণু প্রযুক্তিতে ফিরে না যায়।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩