ইরানের ঘোষণার ব্যাপারে আইএইএ, জার্মানি ও ব্রিটেনের প্রতিক্রিয়া
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা বাড়ানোর যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, ব্রিটেন ও জার্মানি।
আইএইএ গতকাল (রোববার) এক বিবৃতি প্রকাশ করে বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর সংক্রান্ত ঘোষণা শুনেছে এবং এ সংস্থার পরিদর্শকরা ইরানের ঘোষণা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে আইএইএ’র কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।
২০১৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা তদারকির দায়িত্ব পালন করে আসছে আইএইএ।
এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি ইরানকে ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সীমায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন মোগেরিনি।
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপীয় দেশগুলোর ব্যর্থতা চেপে গিয়ে বলেছে, ব্রিটেন পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং তেহরানকেও তার ভাষায় এ সমঝোতার পরিপন্থি সব কার্যক্রম বন্ধ করে এ সমঝোতায় ফিরে যেতে হবে।
এ ছাড়া, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ইরানি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে।
ইরানের কর্মকর্তারা রোববার ঘোষণা করেন, পরমাণু সমঝোতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩.৬৭ রাখার যে বাধ্যবাধকতা রয়েছে তা আর তারা মানছেন না। এ সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এটি বাস্তবায়নে গড়িমসি করার জবাবে তেহরান এ ব্যবস্থা নিল। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকালই বলেছেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু করলে ইরানও গত চার বছরের মতো পরিপূর্ণভাবে নিজের প্রতিশ্রুতি মেনে চলবে।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৮