মার্কিন সেনাদের দ্রুত ফিরিয়ে আনা হবে কৌশলগত ভুল: জেনারেল মার্ক মিলি
https://parstoday.ir/bn/news/world-i71949-মার্কিন_সেনাদের_দ্রুত_ফিরিয়ে_আনা_হবে_কৌশলগত_ভুল_জেনারেল_মার্ক_মিলি
আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনাদের ফিরিয়ে আনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর মনোনিত চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চিফস অব স্টাফ-জেনারেল মার্ক মিলি। একইসঙ্গে চীন আগামী অন্তত ১০০ বছর ধরে আমেরিকার জন্য সামরিক দিক দিয়ে প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৯ ১৪:১৭ Asia/Dhaka
  • মার্কিন সেনাবাহিনীর মনোনিত চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চিফস অব স্টাফ-জেনারেল মার্ক মিলি।
    মার্কিন সেনাবাহিনীর মনোনিত চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চিফস অব স্টাফ-জেনারেল মার্ক মিলি।

আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনাদের ফিরিয়ে আনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর মনোনিত চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চিফস অব স্টাফ-জেনারেল মার্ক মিলি। একইসঙ্গে চীন আগামী অন্তত ১০০ বছর ধরে আমেরিকার জন্য সামরিক দিক দিয়ে প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবে মনোনয়ন চূড়ান্ত করার জন্য গত (বৃহস্পতিবার) মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে জেনারেল মিলি বলেন, "আমি মনে করি আফগানিস্তান থেকে আগেভাগে মার্কিন সেনাদের ফিরিয়ে আনা হবে একটি কৌশলগত ভুল।" 

যদিও সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের একটি জাতীয় জরিপে ৫৮ ভাগ সাবেক মার্কিন সেনারা মনে করেন যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে আমেরিকার সেনাদের জীবন উৎস্বর্গ করা যুক্তিযুক্ত হয় নি, জেনারেল মিলি আফগানিস্তানের উগ্র গোষ্ঠী তালেবানের সঙ্গে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আরো দীর্ঘ সময় পর্যন্ত সেখানে মার্কিন সেনাদের মোতায়েন রাখার বিষয়ে জোর দেন।

তিনি বলেন, "আমি মনে করি এটি মন্থর, এটি বেদনাদায়ক এটি কঠিন। আমি আমার জীবনের দীর্ঘ সময় আফগানিস্তানে কাটিয়েছি। তবে আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ।" মিলি এরপর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের দখলদারিত্বের বিষয়ে গর্ব করে বলেন, "সেখানে আমাদের অভিযান আংশিক সফল হয়েছে।" তিনি যুক্তি তুলে ধরে আরো বলেন, আফগানিস্তানে সামরিক অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল এটা নিশ্চিত করা যে সন্ত্রাসীরা যেন আফগান ভূখণ্ডকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে না পারে।"#

পার্সটুডে/ বাবুল আখতার /১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।