পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি অন্যায্য: সুইডেন
https://parstoday.ir/bn/news/world-i71982-পরমাণু_সমঝোতার_বিষয়ে_মার্কিন_দৃষ্টিভঙ্গি_অন্যায্য_সুইডেন
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রম বলেছেন, পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকা অন্যায্য দৃষ্টিভঙ্গি পোষণ করে। তবে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে পরামর্শ অব্যাহত রাখবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ১৫, ২০১৯ ১৯:৪৩ Asia/Dhaka
  • সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রম
    সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রম

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রম বলেছেন, পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকা অন্যায্য দৃষ্টিভঙ্গি পোষণ করে। তবে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে পরামর্শ অব্যাহত রাখবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের আগে তিনি আজ (সোমবার) সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস করে  ইরান ও আমেরিকার মধ্যে অব্যাহত উত্তেজনা সংকট সমাধানের ক্ষেত্রে সাহায্য করবে না। তিনি আরো বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি এবং একে বাঁচিয়ে রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা দেখাতে চাই যে, আমরা ইনসটেক্স-এর মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্য করার চেষ্টা করছি। যেসব বিনিয়োগকারী তেহরানে কাজ করতে চান তাদেরকে আমরা সমর্থন দিতে চাই।” ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা কমানোর জন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে সংলাপে বসার আহ্বান জানানোর পর  ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো।#

পার্সটুডে/এসআইবি/১৫