ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে ইউরোপের ওপর নিষেধাজ্ঞা: গ্রাহামের হুঁশিয়ারি
-
মার্কিন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর গ্রাহাম লিন্ডসে
২০১৫ সালের পরমাণু সমঝোতার অধীনে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখায় এবং তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বিদ্বেষী নীতির প্রতি সমর্থন না দেয়ার কারণে ইউরোপের দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর গ্রাহাম লিন্ডসে।
মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশ- ব্রিটেন,ফ্রান্স এবং জার্মানি এতই দুর্বল যে তারা ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলার সক্ষমতা নেই।
গ্রাহাম বলেন, "আমি ইউরোপীয়ানদের বলবো যে আপনারা যদি ইরানি জনগণের পাশে থাকতে চান তাহলে আপনারা আমার অতিথি হয়ে থাকবেন। তবে আপনারা আমেরিকার সঙ্গে কোনো ব্যবসা করতে যাবেন না এবং এ ক্ষেত্রে আমেরিকার কোনো ব্যাংকও ব্যবহার করবেন না।" পরমাণু সমঝোতার অধীনে ইউরোপ তাদের প্রতিশ্রুতি পালন না করলে তেহরানও সমঝোতার কিছু প্রতিশ্রুতি কমাতে শুরু করবে করবে বলে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেয়ার একদিন পর গ্রাহাম এসব মন্তব্য করলেন।
গ্রাহাম ওই সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরমাণু সমঝোতা জেসিপিওএ'র পরিবর্তে ইরানের সঙ্গে নতুন চুক্তি করার বিষয়ে ট্রাম্প প্রশাসন যে চেষ্টা চালাচ্ছে তার প্রতি তার সমর্থন রয়েছে। ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতির সঙ্গে শামিল হতে বাধ্য করার জন্য প্রয়োজনে ইউরোপের দেশগুলোও ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই যু্দ্ধবাজ সিনেটর #
পার্সটুডে/বাবুল আখতার/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।