কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ; তালেবানের দায় স্বীকার
https://parstoday.ir/bn/news/world-i7219-কাবুলে_মার্কিন_দূতাবাসের_কাছে_ভয়াবহ_বিস্ফোরণ_তালেবানের_দায়_স্বীকার
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি খবরটি নিশ্চিত করেছেন। আজ (মঙ্গলবার) সকালে ব্যস্ত সময়ে কাবুলের কেন্দ্রস্থলে এ বিস্ফোরণ ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৬ ০৭:৪৭ Asia/Dhaka
  • কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ; তালেবানের দায় স্বীকার

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি খবরটি নিশ্চিত করেছেন। আজ (মঙ্গলবার) সকালে ব্যস্ত সময়ে কাবুলের কেন্দ্রস্থলে এ বিস্ফোরণ ঘটে।

আফগান তালেবান বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিস্ফোরণের ধরণ দেখে দৃশ্যত মনে হচ্ছে- আফগানিস্তানের প্রধান নিরাপত্তা সংস্থার কয়েকটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

প্রেসিডেন্টের প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে- বেশ কয়েকজন নিহত কিংবা আহত হয়েছে। ইমার্জেন্সি হাসপাতালের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের ওখানে অন্তত আটজন আহত সেনাকে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসের কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। এ সময় দূতাবাস প্রাঙ্গন থেকে সাইরেনের বিকট আওয়াজ শোনা যায়। আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনীর সদরদপ্তর এ এলাকাতেই অবস্থিত।

আফগানিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সম্ভাব্য এক বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটানোর পর গোলাগুলি শুরু হয়।#

সিরাজুল ইসলাম/১৯