ইয়েমেনের আনসারুল্লাহ মহাসচিবের ভাইয়ের শাহাদাতে হিজবুল্লাহর শোক
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ’র মহাসচিব আব্দুল মালেক আল হুথির ভাই ইব্রাহিম আল হুথি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা সৌদি ও মার্কিন অনুচরদের হাতে আনসারুল্লাহ মহাসচিবের ভাইয়ের শাহাদাতের ঘটনার তীব্র নিন্দা জানায়। ইয়েমেনের জনগণ ও আনসারুল্লাহর নেতাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছে হিজবুল্লাহ।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ নিরপরাধ ইয়েমেনিদের হত্যার পাশাপাশি দেশটির অবকাঠামো ধ্বংসের নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে ইয়েমেনে জালিমদের আগ্রাসন অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে এ ধরনের আগ্রাসন কেবল ইহুদিবাদী ইসরাইলসহ ইসলামের শত্রুদের স্বার্থই রক্ষা করছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনে শহীদের রক্ত বৃথা যাবে না এবং তা দেশটির মানুষের প্রতিরক্ষা স্পৃহা আরো বাড়িয়ে তুলবে। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, সৌদি এবং মার্কিন আগ্রাসীদের হাতে আনসারুল্লাহর মহাসচিবের ভাই ইব্রাহিম শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।#
পার্সটুডে/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।