ইরানের সেই জাহাজকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i73246-ইরানের_সেই_জাহাজকে_কালো_তালিকাভুক্ত_করল_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী সুপার ট্যাংকার আদ্রিয়ান দারিয়া-১কে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। একইসঙ্গে জাহাজের ভারতীয় বংশোদ্ভূত ক্যাপ্টেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ তথ্য জানিয়েছে। 
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ০৮:৫৬ Asia/Dhaka
  • ইরানের তেলবাহী সুপার ট্যাংকার আদ্রিয়ান দারিয়া-১
    ইরানের তেলবাহী সুপার ট্যাংকার আদ্রিয়ান দারিয়া-১

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী সুপার ট্যাংকার আদ্রিয়ান দারিয়া-১কে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। একইসঙ্গে জাহাজের ভারতীয় বংশোদ্ভূত ক্যাপ্টেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ তথ্য জানিয়েছে। 

অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ আদ্রিয়ান দারিয়া-১’র বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, ইরানের ওই জাহাজে ২১ লাখ ব্যারেল তেল বহন করা হচ্ছে  যা থেকে চূড়ান্তভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুদস ব্রিগেড লাভবান হবে। 

 মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এ বিবৃতিতে আরো বলা হয়েছে, তেলবাহী জাহাজ আরিয়ান আদ্রিয়ান-১কে  যেকোন সহযোগিতা করবে তারা নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে পড়বে।  এর আগে, গত ১৯ আগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যেসব দেশ ইরানের সুপার ট্যাংকারকে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, যেসব দেশ ইরানি এ জাহাজকে সহযোগিতা করবে সেসব দেশকে অপরাধমূলক তৎপরতা চালানোর জন্য পরিণতি ভোগ করতে হবে। 

গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ব্রিটিশ সেনারা জাহাজটিকে জোরপূর্বক আটক করে। পরবর্তীতে পারস্য উপসাগর থেকে ইরানি পানিসীমা লঙ্ঘনের দায়ে বৃটেনের একটি তেলবাহী জাহাজ আটক করে ইরান। এই ঘটনায় ইরান ও বৃটেনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও নানা কূটনৈতিক উদ্যোগের পর মুক্তি পায় ইরানি জাহাজ।#

পার্সটুডে/এসআইবি/৩১