পরমাণু সমঝোতা: ইরানের তৃতীয় দফা পদক্ষেপের ব্যাপারে ইউরোপের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i73439-পরমাণু_সমঝোতা_ইরানের_তৃতীয়_দফা_পদক্ষেপের_ব্যাপারে_ইউরোপের_প্রতিক্রিয়া
ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া কোনো প্রতিশ্রুতি যখন ইইউ পালন করতে পারছে না তখন এ আহ্বান জানানো হলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ০৩:৪০ Asia/Dhaka
  • ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তার মুখপাত্র মারিয়া কুসিয়ানচিচ
    ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তার মুখপাত্র মারিয়া কুসিয়ানচিচ

ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া কোনো প্রতিশ্রুতি যখন ইইউ পালন করতে পারছে না তখন এ আহ্বান জানানো হলো।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তার মুখপাত্র মারিয়া কুসিয়ানচিচ শুক্রবার ইউরোপের পক্ষ থেকে পরমাণু সমঝোতা মেনে না চলার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ইরান এ সমঝোতা পুরোপুরি মেনে চললেই কেবল ইইউ এতে দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনিকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে পরমাণু সমঝোতার আরো কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার খবর জানান। এটি ইরানের পক্ষ থেকে এ ধরনের তৃতীয় পদক্ষেপ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ড. জারিফ তার চিঠিতে বলেন, ইরান ঠিক কোন কোন ধারা স্থগিত রাখবে এবং নিজের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কি কি তৎপরতা আবার শুরু করবে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে জানানো হবে।

আমেরিকা ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ও ইইউ ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে।

কিন্তু এক বছরেও ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে ইরান আগে থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে। একইসঙ্গে তেহরান ইইউকে ৬০ দিনের সময় বেধে দিয়ে জানায়, এ সময়ের মধ্যে সমঝোতা বাস্তবায়নে অপারগ হলে ইরান দ্বিতীয় দফায় আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসবে। গত ৬ জুলাই ইরান সে হুমকি বাস্তবায়ন করে এবং তার ধারাবাহিকতায় গতকাল ৬ সেপ্টেম্বর তৃতীয় দফা পদক্ষেপ নিল ইরান।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।