পরমাণু সমঝোতা নিয়ে টেলিফোনে কথা বললেন পুতিন ও ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i73498-পরমাণু_সমঝোতা_নিয়ে_টেলিফোনে_কথা_বললেন_পুতিন_ও_ম্যাকরন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে টেলিফোনে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ০৫:১২ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতা নিয়ে টেলিফোনে কথা বললেন পুতিন ও ম্যাকরন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে টেলিফোনে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

টেলিফোনালাপে দুই প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য এতে স্বাক্ষরকারী সবগুলো দেশ ও পক্ষকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান। তারা বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আকারে পাস হওয়ার মাধ্যমে এই সমঝোতা একটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে যা সবাইকে মেনে চলতে হবে।

ইরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতির কিছু ধারা স্থগিত রাখার ব্যাপারে তৃতীয় দফা পদক্ষেপ নেয়ার দু’দিন পর পুতিন ও ম্যাকরনের মধ্যে এই টেলিফোনালাপ হলো।

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা বাস্তবায়ন করবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল গত এক বছরে তারা তা রক্ষা করতে ব্যর্থ হয়। এ কারণে গত ৮ মে ইরান আগে থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে। একইসঙ্গে তেহরান ইইউকে ৬০ দিনের সময় বেধে দিয়ে জানায়, এ সময়ের মধ্যে সমঝোতা বাস্তবায়নে অপারগ হলে ইরান দ্বিতীয় দফায় আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসবে।

গত ৬ জুলাই ইরান সে হুমকি বাস্তবায়ন করে এবং তার ধারাবাহিকতায় গত শুক্রবার ৬ সেপ্টেম্বর তৃতীয় দফায় আরো কিছু প্রতিশ্রুতি থেকে সরে যায় ইরান। ফলে পরমাণু সমঝোতা বাস্তবায়নের সময় স্থগিত রাখা বেশ কিছু পরমাণু তৎপরতা আবার শুরু করেছে তেহরান। অবশ্য ইরান বলেছে, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করলে ইরানও পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলা শুরু করবে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।