জাতিসংঘেও ইরান বিরোধী ক্ষোভ উগরে দিতে ভুললেন না ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i73951-জাতিসংঘেও_ইরান_বিরোধী_ক্ষোভ_উগরে_দিতে_ভুললেন_না_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দেয়া ওই ভাষণে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প দাবি করেন, বিশ্বের শান্তিকামী দেশগুলোর জন্য তেহরান সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ০৪:৫৯ Asia/Dhaka
  • জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প (মঙ্গলবারের ছবি)
    জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প (মঙ্গলবারের ছবি)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দেয়া ওই ভাষণে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প দাবি করেন, বিশ্বের শান্তিকামী দেশগুলোর জন্য তেহরান সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো বেশি কঠোর করারও হুমকি দিয়েছেন।  তিনি দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন কখনো তেহরানকে এ ধরনের অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের ওপর কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অব্যাহত রাখবেন বলেও জানান ট্রাম্প।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ নিজের ১৫টি ত্রৈমাসিক প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে অভিহিত করেছে

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ বলে অভিহিত করলেন যখন ইরাক ও সিরিয়ায় বিগত বছরগুলোর সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তেহরান। এ ছাড়া, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যখন তার ১৫টি ত্রৈমাসিক প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে তখন ট্রাম্প তেহরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করলেন।

ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন। এরপর একই বছরের নভেম্বরে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন এবং ঘোষণা দিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের হুমকি দেন। একইসঙ্গে তিনি গত কয়েক মাসে বহুবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তেহরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।