জাতিসংঘ পরিদর্শকদের ইরান সহযোগিতা করায় আইএইএ’র সন্তোষ প্রকাশ
-
আইএইএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক কোরনেল ফেরুতা
জাতিসংঘের পরমাণু তদারকি বিষয় সংস্থা- আইএইএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক কোরনেল ফেরুতা ইরানের পক্ষ থেকে তার সংস্থার পরিদর্শকদের প্রয়োজনীয় সহযোগিতা করায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি খুঁটিনাটি উল্লেখ না করে বলেছেন, ইরানের পক্ষ থেকে সহযোগিতা বাড়ানো হয়েছে এবং অমীমাংসিত কিছু বিষয় থাকলেও সেগুলো সঠিক সমাধানের পথে এগুচ্ছে।
ফেরুতা বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের কাজ সঠিকভাবে চলছে এবং এ ব্যাপারে এখনই আগ বাড়িয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
গত কয়েক মাস আগে ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কাজ শুরু করার পর থেকে ইরানে আইএইএ’র পরিদর্শনের বিষয়টি নিয়ে পাশ্চাত্যে স্পর্শকাতরতা দেখা দিয়েছে।
আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরান যে পরমাণু সমঝোতা সই করেছিল মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে তা থেকে বেরিয়ে যায় এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো ইরানকে এটিতে অটল থাকার আহ্বান জানিয়ে বলা হয়, আমেরিকা বেরিয়ে গেলেও ওই সমঝোতার ভিত্তিতে তারা ইরানের আর্থিক ক্ষতি পুষিয়ে দেবে। কিন্তু ইউরোপীয় দেশগুলো এক বছরেও তাদের সে প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে ইরান পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এ সমঝোতায় দেয়া কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে।
এ সময় ইরান ঘোষণা দেয় ইউরোপ তার কথা রাখতে না পারলে প্রতি দুইমাস পরপর ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার মাত্রা বাড়াতে থাকবে। মে মাসের পর জুলাই এবং সেপ্টেম্বরে ইরান তার ওই ঘোষণা মোট তিনদফা বাস্তবায়ন করেছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ইরান তার ঘোষণা চতুর্থ দফা বাস্তবায়ন করবে বলে কথা রয়েছে।
যে আমেরিকা নিজে পরমাণু সমঝোতা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে সে এখন ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার সমালোচনা করছে। ওয়াশিংটন বলছে, ইরানকে অবশ্যই পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে হবে। আমেরিকার এই চরম দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়ে ইরান বলেছে, পরমাণু সমঝোতারই ধারা মেনে দেশটি সাম্প্রতিক পদক্ষেপ নিয়েছে এবং এ ব্যাপারে কারো উপদেশবাণী শুনতে তেহরান বাধ্য নয়।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।