অবৈধভাবে মোতায়েন সব বিদেশি সেনাকে সিরিয়া ছাড়তে হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i74302-অবৈধভাবে_মোতায়েন_সব_বিদেশি_সেনাকে_সিরিয়া_ছাড়তে_হবে_রাশিয়া
রাশিয়া বলেছে, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই রক্ষা করতে হবে এবং দেশটিতে অবৈধভাবে মোতায়েন সমস্ত বিদেশি সেনাকে চলে যেতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৯ ১৩:০১ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া বলেছে, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই রক্ষা করতে হবে এবং দেশটিতে অবৈধভাবে মোতায়েন সমস্ত বিদেশি সেনাকে চলে যেতে হবে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া ইস্যুতে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর অবস্থান ঘোষণা করেছেন এবং সেটি হচ্ছে যে, সিরিয়া থেকে সমস্ত বিদেশি সেনাকে অবশ্যই চলে যেতে হবে।

সিরিয়িায় মোতায়েন মার্কিন সেনা

এদিকে, তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে যে সামরিক অভিযান শুরু করেছে সে ব্যাপারে দিমিত্রি পেসকভ বলেন, আঙ্কারার এমন কোনো কাজ করা উচিত হবে না যার কারণে সিরিয়া সঙ্কটের সমাধান জটিল হয়ে যায়।

তিনি বলেন, যখন সিরিয়া সংকট সমাধানের জন্য একটি সাংবিধানিক কমিটি গঠন এবং সে কমিটির বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে তখন তুর্কি অভিযানের মতো ঘটনা সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে। এ অবস্থায় তুরস্কের পক্ষ থেকে এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। পেসকভ বলেন, রাশিয়া আশা করে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক সংহতির প্রতি তুরস্ক সম্মান দেখাবে।#

পার্সটুডে/এসআইবি/৮