ভারতের কাছে প্রথম রাফায়েল যুদ্ধবিমান হস্তান্তর করল ফ্রান্স
-
রাফায়েল
ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রথম রাফায়েল যুদ্ধবিমান হস্তান্তর করেছে ফ্রান্স। আজ (মঙ্গলবার) ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন ৩৬টি রাফায়েল বিমানের প্রথমটি হস্তান্তর করে।
ফ্রান্সের মেরিগনাক শহরে এই হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি তিনদিনের সফরে ফ্রান্সে আছেন। দূরপাল্লার রাফায়েল যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। চুক্তি অনুযায়ী, ৩৬টি উচ্চ-প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান কিনতে ভারতকে দিতে হবে ৫৮ হাজার কোটি রুপি।
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় থাকতে ১২৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের দাসো এভিয়েশন এবং ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড (হ্যাল)-এর সঙ্গে চুক্তি করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কিন্তু ২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি তথা এনডিএ জোটের সরকার। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। এর পর থেকেই সেই চুক্তি খতিয়ে দেখা শুরু হয় এবং ২০১৫ সালে সেই চুক্তি বাতিল করে দিয়ে ফ্রান্সের সংস্থা দাসো এভিয়েশনের সঙ্গে শুধুমাত্র ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করে মোদি সরকার। এই চুক্তির বিষয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে।
# পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।