বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i74861-বাংলাদেশ_ক্রিকেটের_সবচেয়ে_বড়_তারকা_সাকিবের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা
বাংলাদেশের সবচেড়ে বড় ক্রিকেট তারকা এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৯ ১৭:৫৮ Asia/Dhaka
  • সাকিব
    সাকিব

বাংলাদেশের সবচেড়ে বড় ক্রিকেট তারকা এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে।

প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না তাকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। আর এই সময়ের মধ্যে আবার কোনো অপরাধ করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট বা আকসু'র কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনে নিয়েছেন। 

আইসিসি জানিয়েছে, তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা প্রত্যাখান করেছেন সাকিব। কিন্তু তিনি এসব প্রস্তাবের তথ্য আইসিসি'র দুর্নীতি বিরোধী ইউনিট বা আকসু-কে জানান নি। এ কারণেই তাকে এই সাজা দেওয়া হয়েছে।  

আইসিসি বলেছে, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ,  জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার ও একই বছর এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে একবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। কিন্তু  আইসিসিকে জানাননি সাকিব।

আইসিসির দুর্নীতি বিরোধী আইনে বলা আছে, কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে দ্রুতই তা আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাদের জানাতে হবে। না জানালে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধের মাত্রা অনুযায়ী, এই ধারা ভঙ্গের সাজা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা।

এদিকে, সাকিব আল হাসান আইসিসির কাছে নিজের অপরাধ স্বীকার করে বলেছেন, ‘যে খেলাটি ভালোবাসি, সেখান থেকে নিষিদ্ধ হয়ে আমি অবশ্যই অসম্ভব কষ্ট পাচ্ছি। কিন্তু আমার কাছে অনৈতিক প্রস্তাব আসার পরও না জানানোর ফলে আমার শাস্তি আমি মেনে নিয়েছি। আইসিসির দুর্নীতিবিষয়ক কমিটির দুর্নীতির বিরুদ্ধে লড়াই খেলোয়াড়দের ওপর নির্ভর করে। এ ঘটনায় আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি।'#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।