আটক জাহাজগুলো ইউক্রেনকে ফেরত দিচ্ছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i75329-আটক_জাহাজগুলো_ইউক্রেনকে_ফেরত_দিচ্ছে_রাশিয়া
রাশিয়া ঘোষণা করেছে, আজভ সাগরের কের্চ প্রণালী থেকে আটক করা ইউক্রেনের জাহাজগুলো ফেরত দেবে মস্কো। এক বছর আগে এসব জাহাজ আটক করেছিল রুশ সামরিক বাহিনী। জাহাজ ফেরত দেয়ার উদ্যোগের মধ্যদিয়ে মনে করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে বৃহত্তর দ্বন্দ্ব মিটমাট করার পদক্ষেপ নিয়েছে মস্কো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ১৮, ২০১৯ ০৯:৫৬ Asia/Dhaka
  • আটক জাহাজগুলো ইউক্রেনকে ফেরত দিচ্ছে রাশিয়া

রাশিয়া ঘোষণা করেছে, আজভ সাগরের কের্চ প্রণালী থেকে আটক করা ইউক্রেনের জাহাজগুলো ফেরত দেবে মস্কো। এক বছর আগে এসব জাহাজ আটক করেছিল রুশ সামরিক বাহিনী। জাহাজ ফেরত দেয়ার উদ্যোগের মধ্যদিয়ে মনে করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে বৃহত্তর দ্বন্দ্ব মিটমাট করার পদক্ষেপ নিয়েছে মস্কো।

রাশিয়ার সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে গতকাল (রোববার) জানান, ইউক্রেনের সঙ্গে যে চুক্তি হয়েছে তার আওতায় সে দেশের তিনটি জাহাজ ফেরত দেয়া হবে।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, আজই (সোমবার) জাহাজগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করার কথা। ক্রিমিয়া-২৪ টিভি চ্যানেল একটি ভিডিও সম্প্রচার করেছে যাতে দেখা যাচ্ছে- রাশিয়ার কোস্টগার্ডের সদস্যরা জাহাজ তিনটিকে কের্চ প্রণালীর দিকে নিয়ে যাচ্ছেন। জাহাজগুলো ক্রিমিয়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে তাও ভিডিওতে পরিষ্কার। ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হওয়ার পর এ ব্রিজ নির্মাণ করেছে মস্কো।

গত বছরের নভেম্বর মাসে রাশিয়ার সেনারা কের্চ প্রণালী থেকে ইউক্রেনের দুটি গানবোট এবং একটি টাগবোট আটক করে। জাহাজ দুটি কের্চ প্রণালীর কাছে রুশ পানিসীমায় ঢুকে পড়েছিল বলে রাশিয়া অভিযোগ করে। আজভ সাগরের এই প্রণালীটি বেশ সরু এবং এটি রাশিয়া ও ইউক্রেন ব্যবহার করে থাকে। জাহাজগুলো আটকের সময় রাশিয়া ইউক্রেনের ২৪ জন নাবিককে আটক করে এবং গত সেপ্টেম্বরে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ব ইউক্রেন নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক বছর ধরে মারাত্মক রক্তক্ষয়ী সংঘাত চলে আসছে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে মস্কোর টানাপড়েন রয়েছে। গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী ৯ ডিসেম্বর ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইউক্রেনের নেতারা প্যারিসে বৈঠকে বসবেন। এ বৈঠকের মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান করা যাবে বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/ এসআইবি/১৮