শরণার্থী চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তুরস্কের সঙ্গে সম্পাদিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’এর শরণার্থী বিষয়ক চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জলা মার্কেলসহ ইইউ নেতাদের প্রতি জানানো আহ্বানে এ কথা বলেছে হিউম্যান রাইটস।
আজ(শনিবার) আরো পরে মার্কেলসহ ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স তিমেরম্যানের তুরস্কের একটি শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে। এ শরণার্থী শিবিরটি সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় তুর্কি শহর গাজিয়ানতেপে অবস্থিত। আর এ সফরের আগে চুক্তি পুনর্বিবেচনা সংক্রান্ত আহ্বান জানালো হিউম্যান রাইটস।
গ্রিস থেকে বলপূর্বক পাঠানো শরণার্থীদের জন্য নির্ধারিত আটক কেন্দ্র পরিদর্শনের জন্যও ইইউ নেতাদের প্রতি আহ্বান জানায় হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস ওয়াচের ভারপ্রাপ্ত পরিচালক জুডিথ সাদারল্যান্ড এ আহ্বান জানান।
তিনি বলেন, ইউরোপীয় নেতাদের সফরকে কেন্দ্র করে পরিষ্কার পরিছন্ন করা শরণার্থী শিবির পরিদর্শন না করে সীমান্তে আটকে দেয়া হাজার হাজার শরণার্থীর দিকে মনোযোগ দেয়া উচিত।
শরণার্থী স্রোত ঠেকানোর জন্য গত মাসে তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন বিতর্কিত একটি চুক্তি করেছে। এতে শরণার্থীদের ইউরোপে ঢোকা ঠেকানোর বিনিময়ে আর্থিক এবং রাজনৈতিক সুবিধা পাবে তুরস্ক।#
মূসা রেজা/২৩