‘পাকিস্তান সামরিক বাহিনী জানে কিভাবে সম্মান ও মর্যাদা রক্ষা করতে হয়’
https://parstoday.ir/bn/news/world-i76069-পাকিস্তান_সামরিক_বাহিনী_জানে_কিভাবে_সম্মান_ও_মর্যাদা_রক্ষা_করতে_হয়’
পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেশটির একটি বিশেষ আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সামরিক বাহিনী।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৯ ০৯:২৫ Asia/Dhaka
  • জেনারেল আসিফ গফুর
    জেনারেল আসিফ গফুর

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেশটির একটি বিশেষ আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সামরিক বাহিনী।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, “পাকিস্তানের সামরিক বাহিনীর সম্মান ও মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় তা আমাদের জানা আছে কিন্তু আমরা এ মুহূর্তে ধৈর্য ধারণ করছি কারণ আমরা চাই এ বিষয়ে সবার আগে দেশই এগিয়ে আসুক।”

জেনারেল আসিফ গফুর বলেন, “ধর্মীয় মূল্যবোধ, মানবতা এবং সভ্যতার বাইরে গিয়ে আদালতের রায় বিশেষ করে এর শব্দচয়ন করা হয়েছে।”

জেনারেল মুশাররফ

পাকিস্তানের একটি বিশেষ আদালতের তিন বিচারপতি জেনারেল পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। গত মঙ্গলবার ওই রায়ে তারা রাষ্ট্রদ্রোহিতার জন্য জেনারেল মুশাররফকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। গতকাল প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে দেখা যায়- ওই রায়ে তিন বিচারপরিত আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন পলাতক মুশাররফকে খুঁজে বের করে আইনানুগভাবে তার শাস্তি কার্যকর করতে হবে। যদি তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তাহলে তার লাশ ইসলামাবাদের ডি-চকে তিনদিন ধরে ঝুলিয়ে রাখতে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে- আইএসপিআরের মহাপরিচালক রায়ের এই অংশটির ব্যাপারেই সবচেয়ে বেশি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “পাকিস্তানের সামরিক বাহিনী শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আমরা দেশের জনগণের কাছ থেকেই আমাদের শক্তি পেয়েছি; আমরা জানি কিভাবে দেশ রক্ষা করতে হয়। আমরা আমাদের সম্মান, মর্যাদা এবং প্রতিষ্ঠানকেও রক্ষা করতে জানি।”

তিনি বলেন, “এরপরও আমরা ধৈর্য্য ধরেছি এই কারণে যে ,এ বিষয়ে দেশ এগিয়ে আসবে। আমরা জানি শত্রুরা দেশের ভেতরে অস্থিতিশীলতা এবং গোলযোগ সৃষ্টি করতে চায় যাতে পাকিস্তান অভ্যন্তরীণভাবে সংঘাতে লিপ্ত হয়।”

এদিকে, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গতকাল প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করে সামরিক বাহিনীর এই অসন্তুষ্টির কথা তাকে জানিয়েছেন। এ প্রসঙ্গে জেনারেল গফুর বলেন, ওই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সরকার দেশের জনগণকে জানাবে।#

পার্সটুডে/এসআইবি/২০