উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে: ইরানকে নীতি পরিবর্তনের আহ্বান জানাল জার্মানি
-
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানকে তার মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছে জার্মানি। ইরানের বিরুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যখন ধ্বংসাত্মক ও আগ্রাসী নীতি গ্রহণ করেছে তখন উল্টো তেহরানকে নীতি পরিবর্তনের আহ্বান জানাল জার্মানি।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে ইরাকে মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির বিষয়টি বেমালুম চেপে গিয়ে বলা হয়, ইরান-সমর্থিত আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র ক্রমবর্ধমান হামলার কারণে ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরাকে মোতায়েন দখলদার মার্কিন সেনাদেরকে দায়েশ (আইএস) বিরোধী জোটের সেনা উল্লেখ করে তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
রোববার দিনের শেষ বেলায় হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে আগ্রাসী মার্কিন বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরে এক ঘোষণায় ওই হামলার ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করে, ইরানকে জবাব দিতে হাশদ আশ-শাবির ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। আমেরিকা এমন সময় এ দাবি করেছে যখন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতারা মার্কিন সেনাদের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।