আফগানিস্তানে দায়েশের সংখ্যা নিয়ে ন্যাটো ও রাশিয়ার পরস্পর বিরোধী বক্তব্য
https://parstoday.ir/bn/news/world-i7636-আফগানিস্তানে_দায়েশের_সংখ্যা_নিয়ে_ন্যাটো_ও_রাশিয়ার_পরস্পর_বিরোধী_বক্তব্য
আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর মুখপাত্র জেনারেল চার্লি ক্লিফল্যান্ড বলেছেন, সেদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রায় তিন হাজার সদস্য অবস্থান করছে। তিনি বলেছেন, দায়েশ শুধু আফগানিস্তান নয় বরং গোটা ওই অঞ্চলের জন্য অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০১৬ ০৯:৫৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে দায়েশের সংখ্যা নিয়ে ন্যাটো ও রাশিয়ার পরস্পর বিরোধী বক্তব্য

আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর মুখপাত্র জেনারেল চার্লি ক্লিফল্যান্ড বলেছেন, সেদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রায় তিন হাজার সদস্য অবস্থান করছে। তিনি বলেছেন, দায়েশ শুধু আফগানিস্তান নয় বরং গোটা ওই অঞ্চলের জন্য অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে।

ন্যাটো বাহিনীর এ মুখপাত্র আরো বলেছেন, তালেবানের বিরুদ্ধে যুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনী আগের চেয়ে আরো বেশি সুসংহত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। আফগানিস্তানে দায়েশের সদস্য-সংখ্যা নিয়ে রুশ কর্মকর্তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, এ গোষ্ঠীর প্রায় তিন হাজার সদস্য সেদেশে অবস্থান করছে।

আফগানিস্তান বিষয়ক রুশ প্রতিনিধি জামির কাবলুভ এর আগে বলেছিলেন, আফগানিস্তানে দায়েশের সদস্য-সংখ্যা দশ হাজার এবং এ সংখ্যা ক্রমেই বাড়ছে।

আফগানিস্তানের নানগারহার, কুনার ও গজনি প্রদেশে দায়েশ সন্ত্রাসীদের উপস্থিতি সবচেয়ে বেশি। বালখ প্রদেশের গভর্নর আতা মোহাম্মদ নুর এর আগে জানিয়েছিলেন, দায়েশ সন্ত্রাসীরা আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে লোকবল সংগ্রহের চেষ্টা করছে।

এ ছাড়া, আফগানিস্তানের জাতীয় সংসদের উপ প্রধান হাজি জহির কাদেরও বলেছেন, বিদেশি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে দায়েশ সন্ত্রাসীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। #

মোঃ রেজওয়ান হোসেন/২৪