'আজাদ কাশ্মিরের' মর্যাদা পরিবর্তনের কোনও পরিকল্পনা পাকিস্তানের নেই'
-
আজাদ কাশ্মিরের একটি অঞ্চল
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের মর্যাদা পরিবর্তন করে দেশটির সঙ্গে একত্রীভূত করা হবে বলে কোনও কোনও প্রচার মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে ইসলামাবাদ তা নাকচ করে দিয়েছে।
পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি বলেন, এ ধরণের কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। আজাদ কাশ্মিরকে পাকিস্তানের সঙ্গে একত্রীভূত করার তোড়জোড় ইসলামাবাদ করছে বলে কোনও কোনও প্রচার মাধ্যমে প্রচারিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার হলে এ মন্তব্য করেন আইশা।
গত ডিসেম্বর থেকেই কোনও কোনও প্রচার মাধ্যমে এ ধরণের জল্পনা-কল্পনা প্রকাশিত হচ্ছে। স্ব-শাসিত আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রীর এক উক্তিকে কেন্দ্র করে এগুলোর জন্ম হয়েছে। এর আগে, তিনিই হয়ত আজাদ কাশ্মিরের শেষ প্রধানমন্ত্রী বলে একটি মন্তব্য করেছিলেন।
এ ছাড়া, 'আজাদ জম্মু এবং কাশ্মির ব্যবস্থাপনা গোষ্ঠী'র নাম পরিবর্তন করে 'আজাদ জম্মু এবং কাশ্মির প্রশাসনিক সার্ভিস' রাখা হলে এ ধরণের জল্পনা-কল্পনা আরও জোরদার হয়। 'পাকিস্তান প্রশাসনিক সার্ভিসের' অনুকরণে এ নাম রাখা হয়েছে বলে ধারণার সৃষ্টি হয়।#
পার্সটুডে/মূসা রেজা/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।