চীনের করোনাভাইরাসে আরো বেড়েছে মৃত্যু; তবে সুস্থ হচ্ছেন অনেকেই
-
করোনাভোইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে
চীনে দ্রুত ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে এ পর্যন্ত ৪৯১ জন মারা গেছে। এছাড়া, এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ জীবনঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এরইমধ্যে ৮৫৭ জন ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গতকাল (মঙ্গলবার) নিশ্চিত করেছে যে, আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং এতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৯১ জনে। ডিসেম্বর মাসের শেষ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গতকাল একদিনেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ পর্যন্ত পুরো চীনে ২৪ হাজার ৩২৪ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গতকাল যে তথ্য পাওয়া গেছে তাতে নতুন করে ৩,৮৮৭ জন সংক্রমিত হয়েছে। এরইমধ্যে বিশ্বের আরো ২৭টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে। এসব দেশে ২৩০ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনের বিজয়ী হওয়ার ক্ষমতা আছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেন, “আমাদের সক্ষমতা এবং মনোবল দুটোই রয়েছে; আমরা চূড়ান্তভাবে এই ভাইরাসের বিরুদ্ধে বিজয়ী হব।”#
পার্সটুডে/এসআইবি/৫