করোনাভাইরাস: চীনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, সুস্থ হয়েছেন আরও ২৬১ জন
https://parstoday.ir/bn/news/world-i77236-করোনাভাইরাস_চীনে_একদিনে_সর্বোচ্চ_মৃত্যুর_রেকর্ড_সুস্থ_হয়েছেন_আরও_২৬১_জন
বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসে চীনে গতকাল (বুধবার) আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৩ জনে। ডিসেম্বর মাসের শেষ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গতকাল একদিনেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ০৯:৩৫ Asia/Dhaka
  • করোনায় আক্রান্ত মা ও নবজাতক শিশু
    করোনায় আক্রান্ত মা ও নবজাতক শিশু

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসে চীনে গতকাল (বুধবার) আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৩ জনে। ডিসেম্বর মাসের শেষ দিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গতকাল একদিনেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ (বৃহস্পতিবার) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার পর্যন্ত চীনের ৩১টি প্রদেশে ২৮ হাজার ১৮ জন সংক্রমিত হয়েছে। এরমধ্যে গতকাল আক্রান্ত হওয়া ২৯৮৭ জনও রয়েছেন।

চীনা সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে গতকাল হাসপাতাল ছাড়েন ২৬১ জন।

অধিকাংশ মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনাই ঘটেছে হুবেই প্রদেশে, যে প্রদেশের উহান শহরকে এ ভাইরাসের উৎসস্থল বলা হচ্ছে। দেশটির বাকি মৃত্যুর ঘটনাগুলো উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের তিয়ানজিন শহর ও গুইঝৌ প্রদেশে ঘটেছে।

করোনা চিকিৎসায়  উহান শহরের ১১টি স্থানে ১০ হাজার সজ্জার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

চীনের বাইরে এ ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে ফিলিপাইন এবং হংকংয়ে। ফিলিপাইনে মৃত ওই ব্যক্তির বয়স ৪৪ এবং হংকংয়ের বাসিন্দা লোকটির বয়স ৩৯। সম্প্রতি তারা উভয়েই উহান থেকে ফিরেছেন। ফিলিপাইনে মৃত ওই ব্যক্তি ২৫ জানুয়ারি থেকে ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস ৬৭৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।