করোনাভাইরাসে মৃতদের গড় বয়স ৫৫: শিশু-দেহে এর সংক্রমণ প্রায় নেই
-
সতর্ক বাংলাদেশি শিশুরাও পরছে মুখোস
নতুন কোরোনাভাইরাস ২০১৯এনসিওভি'তে মৃতের সংখ্যা সার্স ভাইরাসের মৃতের সংখ্যাকে অতিক্রম করেছে। তবে নতুন এ ভাইরাসের শিকার শিশুরা হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংখ্যা বা 'হু'য়ের হিসাব অনুযায়ী গত বছরের ৩১ ডিসেম্বর থেকে এ ভাইরাসে ৪৩, ১০০ ব্যক্তি আক্রান্ত হয়েছে। এদের বেশির ভাগের বয়স ৪০'এর উপর। এ ছাড়া, স্বাস্থ্য-সমস্যা যাদের আছে তেমন বয়সীরাই এ ভাইরাসের শিকার হচ্ছেন।
হু'এর নতুন এবং আন্তঃপ্রজাতি সংক্রামক ব্যাধি বা এমারজেনিং ডিজিজেস অ্যান্ড জুনোসিস ইউনিটের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ বলেন, এ ভাইরাসে আক্রান্ত রোগীর বয়স যত বেশি হবে মৃত্যুর আশংকাও তত বাড়বে। এমনকি ৮০ বছরের বেশি বয়সী রোগীও এতে মারা যাওয়ার বেশি আশংকা রয়েছে।
চীনে এ ভাইরাসে মৃতদের ৮০ শতাংশেরে বয়স ৬০'এর উপরে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দেয়া সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। এ ছাড়া, এতে আরও বলা হয়েছে, এদের মধ্যে ৭৫ শতাংশরই হৃদরোগ, বহুমূত্রসহ নানা স্বাস্থ্য-সমস্যা ছিল। এদিকে ৩০ জানুয়ারি নতুন এ ভাইরাস নিয়ে একটি ছোট স্বাস্থ্য-সমীক্ষা প্রকাশ করেছে ল্যান্সেট। এতে বলা হয়েছে, নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের গড় বয়স ৫৫। চীনের উহানের জিনিয়ান হাসপাতালে ৯৯ জন রোগীর ওপর পরিচালিত সমীক্ষার ভিত্তিতে এ তথ্য দিয়েছে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক খ্যাতনামা এ সাময়িকী।
জার্নাল অব দ্যা আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন বা 'জামা'তে ৫ ফেব্রুয়ারি প্রকাশিত পর্যালোচনায় বলা হয়েছে, শিশুদের মধ্যে এ ভাইরাসের সংক্রমণের ঘটনা প্রায় বিরল। অবশ্য, গত সপ্তাহে ছয় মাসের এক শিশুরে শরীরে এ ভাইরাস ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুর। এ শিশুর মা-বাবা উভয়ই এর আগে ভাইরাসের শিকার হয়েছেন। অন্যদিকে ২ ফেব্রুয়ারি চীনে ভাইরাস আক্রান্ত অবস্থায় জন্মগ্রহণ করেছে এক শিশু।
তারপরও তুলনামূলক ভাবে শিশুদের মধ্যে এ রোগের সংক্রমণ তেমন ঘটেই নি। উদ্বিগ্ন মা-বাবার জন্য এটি স্বস্তি দায়ক হতে পারে। তবে স্বাস্থ্য এবং চিকিৎসা-বিজ্ঞান কর্মকর্তারা পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ভাইরাস খুবই নতুন এবং এ সম্পর্কে তারা এখনও বেশি কিছু জানেন না। তাই এখন যে সব তথ্য-উপাত্ত আজ পাচ্ছেন তা হয়ত একমাস পরে ভিন্ন রূপ নিতে পারে।#
পার্সটুডে/মূসা রেজা/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।