করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
হু’র মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস (মাঝে)
বিশ্বের ১১৪টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে (কোভিড-১৯) ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আজ (বুধবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে হু’র মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস এ ঘোষণা দেন।
বিভিন্ন দেশে দ্রুত গতিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়াকে ‘আতঙ্কজনক’ অভিহিত করে তিনি বলেন, ‘চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত দুই সপ্তাহে বেড়ে ১৩ গুণ হয়েছে। এর সংক্রমিত হওয়ার হার অত্যন্ত আতঙ্কিত হওয়ার মতো এবং বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক।’
হু’র নির্বাহী প্রধান বলেন, আমরা প্রতিদিনই দেশগুলোকে বলে আসছি, জরুরিভিত্তিতে এবং দ্রুতগতিতে ব্যবস্থা নিন। অবশ্য কিছু কিছু দেশ এমন নজির স্থাপন করেছে যে এই ভাইরাসকে দমন ও নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্য যেসব দেশকে এখন এই ভাইরাস মোকাবিলা করতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও এটি এখন চ্যালেঞ্জ যে তারা একই ধরনের পদ্ধতি অবলম্বন করে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে কি না।
তিনি আরো বলেন, বিভিন্ন দেশের সরকারকে জনস্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি এই ভাইরাসের মোকাবিলায় শক্তি প্রয়োগ ও মানুষের জীবনের প্রতি শ্রদ্ধার মধ্যে সমন্বয় করতে হবে। আমাদের সবাইকে এক হয়ে শান্ত থেকে সঠিক কাজটি করতে হবে এবং বিশ্বব্যাপী নাগরিকদের সুরক্ষা দিতে হবে। এটা সম্ভব।
মি. গেব্রেইয়েসুস বলেন, তাঁর এ ঘোষণায় করোনাইরাসের ব্যাপারে বিভিন্ন দেশের করণীয় সম্পর্কে দেয়া পরামর্শে কোনো পরিবর্তন আসবে না।
চীনের উহান থেকে থেকে শুরু হওয়া করোনাভাইরাসে পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। দুঃখজনকভাবে এ রোগে প্রায় ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৬১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১১