পাকিস্তানে আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৯৭
https://parstoday.ir/bn/news/world-i80111-পাকিস্তানে_আবাসিক_এলাকায়_যাত্রীবাহী_বিমান_বিধ্বস্ত_নিহত_৯৭
পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৯৭ জন নিহত হয়েছে। লাহোর থেকে করাচিগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ যাত্রী ও ৮ জন ক্রু ছিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২২, ২০২০ ১৯:২১ Asia/Dhaka
  • বিধ্বস্ত বিমান
    বিধ্বস্ত বিমান

পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৯৭ জন নিহত হয়েছে। লাহোর থেকে করাচিগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ যাত্রী ও ৮ জন ক্রু ছিল।

আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল পৌনে তিনটার দিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় পিআইএ’র এয়ারবাস এ-৩২০ বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ধুর স্বাস্থ্য কর্মকর্তারা। মাত্র দুইজন আরোহী বেঁচে গেছেন।

পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেছেন, এ-৩২০ এয়ারবাস ৯১ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে লাহোর থেকে করাচিতে ‘পিকে-৮৩০৩’ ফ্লাইট পরিচালনা করছিল। কিন্তু করাচিতে অবতরণ করতে পারছিল না। তিনবার চেষ্টা করেও বিমানটি জিন্নাহর রানওয়ে ধরতে পারেনি। শেষে দুর্ভাগ্যবশত এর কাছেই মডেল কলোনি আবাসিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।

দমকল বাহিনীর উদ্ধার তৎপরতা

শাকিল আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, বিমানটি প্রথমে একটি মোবাইল টাওয়ারে ধাক্কা খায় এবং ঘরগুলো ভেঙে পড়ে। ঘটনাস্থল বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জানিয়েছেন শাকিল আহমেদ।

বিমান দুর্ঘটনার পর সিন্ধ প্রদেশের স্বাস্থ্য ও জনকল্যাণমন্ত্রী আরজা পেচুহো করাচির সকল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।