জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা আরেকবার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: রুহানি
-
হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরো একবার আমেরিকা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকার একটি বেআইনি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করলেন।
আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, “গত সাড়ে তিন বছর ধরে আমেরিকার নতুন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আইনহীনতা, অবৈধ এবং অমানবিক কার্যক্রম দেখে আসছি।”
প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন প্রশাসন কল্পনা করে থাকতে পারে যে, তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কিছু সফলতা অর্জন করেছে কিন্তু তারা নিশ্চিতভাবে রাজনৈতিক, আইনগত এবং নৈতিকতার দিক থেকে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। গতকাল তারা আরেকটি পরাজয় বরণ করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল যে অনলাইন বৈঠক হয়েছে তাতে আমেরিকার পদক্ষেপকে অন্য সদস্যরা কঠোরভাবে সমালোচনা করেছে। বেশিরভাগ সদস্য ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর কোনমতেই এখন তারা ২২৩১ নম্বর প্রস্তাবের অংশীদার নয়। অতএব, তারা এই প্রস্তাবের আওতায় ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ বাড়াতে পারে না।#
পার্সটুডে/এসআইবি/১