ইরানসহ মুসলিম বিশ্বের বহু দেশে ঈদুল আজহা উদযাপিত
https://parstoday.ir/bn/news/world-i81908-ইরানসহ_মুসলিম_বিশ্বের_বহু_দেশে_ঈদুল_আজহা_উদযাপিত
সৌদি আরব এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ মুসলিম বিশ্বের বহু দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০২০ ১৬:৩৬ Asia/Dhaka
  • ইরানে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, সকালে অনুষ্ঠিত হয় ঈদের জামায়াত
    ইরানে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, সকালে অনুষ্ঠিত হয় ঈদের জামায়াত

সৌদি আরব এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ মুসলিম বিশ্বের বহু দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।

ইরানে পবিত্র ঈদ উপলক্ষে মানুষ মসজিদে এবং ঈদগাহে গিয়ে ঈদের জামাতে শরিক হন। এ সময় তারা সৌদি আরবের মিনায় নিহত ইরানি হাজীদের স্মরণ করেন। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পবিত্র হজের সময় মিনায় বহু হাজি নিহত হন। এর মধ্যে ইরানের অন্তত ৪৬৪ জন হাজি ছিলেন। ওই ঘটনার জন্য ইরান সৌদি আরবের আয়োজকদের অযোগ্যতাকে দোষারোপ করে আসছে।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ঈদের জামায়াত

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে কঠোর কারফিউ সত্ত্বেও বিপুল জনসমাগমের মাধ্যমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে ওই এলাকায় ৩০ জুলাই  থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমী কারফিউ জারি করেছেন।

তুরস্কের আয়া সোফিয়া মসজিদে ঈদের জামায়াত

এদিকে, তুরস্কের আয়া সোফিয়া মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এ ভবনকে বহু বছর পর সম্প্রতি মসজিদে রূপান্তরিত করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়ে এরদোগান। সংসদের স্পিকার, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী এবং ইস্তাম্বুল শহরের গভর্নর আয়া সোফিয়া মসজিদের ঈদের জামাতে যোগ দেন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়ও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানী দামেস্কসহ দেশের বিভিন্ন অঞ্চলে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের মহামারির কারণে সিরিয়া সরকার ঈদগাহে কিংবা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠানের অনুমতি দেয় নি।

আল-আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ আদায় করেন মুসল্লিরা

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ২৭ হাজারের বেশি মুসল্লি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আল-আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ আদায় করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং লোকজন কুরবানি করেন।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।