আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত; নিহত প্রায় ১০০
https://parstoday.ir/bn/news/world-i83455-আজারবাইজান_ও_আর্মেনিয়ার_মধ্যে_সংঘর্ষ_অব্যাহত_নিহত_প্রায়_১০০
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দুই দেশের সেনাবাহিনীই বলেছে, গতরাতভর (সোমবার) উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৪:৫৮ Asia/Dhaka
  • আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত; নিহত প্রায় ১০০

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দুই দেশের সেনাবাহিনীই বলেছে, গতরাতভর (সোমবার) উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আর্মেনিয়া দাবি করেছে তারা আজারবাইজানের সেনাবাহিনীর ওপর পাল্টা আঘাত হেনেছে এবং অজারি বাহিনীর ক্ষতি হয়েছে। তবে আজারবাইজানের সামরিক বাহিনী এ ধরণের কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি, তারা জানিয়েছে, প্রতিপক্ষের হামলায় তাদের কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

সংঘর্ষে গতকাল পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৯৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক। উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রোববার সকাল থেকে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিবেশী দেশ।

নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পরপরই ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আর্মেনিয়া ও আজারবাইজনকে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় দু’দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

১৯৮০’র দশকের শেষদিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে।

১৯৯৪ সালে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়ার সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বংশোদ্ভূতরা।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।