পরমাণু সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই: ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i85556-পরমাণু_সমঝোতার_কোনো_ইতিবাচক_বিকল্প_নেই_ইউরোপীয়_ইউনিয়ন
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, এই সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই। জাতিসংঘে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ওলোফ স্কুগ গতকাল নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২০ ০৩:০৫ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই: ইউরোপীয় ইউনিয়ন

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, এই সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই। জাতিসংঘে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ওলোফ স্কুগ গতকাল নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, “১২ বছরের বেশি সময় ধরে আলোচনার মাধ্যমে যে সমঝোতাটি অর্জিত হয়েছে তার কোনো ইতিবাচক বিকল্প নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১‌ নম্বর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে এই সমঝোতাকে আন্তর্জাতিক সমাজ সর্বোচ্চ পর্যায়ের আইনি বৈধতা দিয়েছে।”

এই সমঝোতার সুবিধা যাতে সব পক্ষ ভোগ করতে পারে সেজন্য তিনি সব দেশকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

২০১৫ সালে ইরানের সঙ্গে আমেরিকাসহ ছয় বিশ্বশক্তি পরমাণু সমঝোতা সই করলেও ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে ইইউ’র রাষ্ট্রদূত আরো বলেন, এই সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ায় ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন গভীর দুঃখ প্রকাশ করছে।

আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপও এটি বাস্তবায়নে অপারগ হওয়ার পর ইরান বর্তমানে এটির ধারাগুলো বাস্তবায়ন স্থগিত রেখেছে। তবে তেহরান ঘোষণা করেছে, যেকোনো সময় অন্য পক্ষগুলো এই সমঝোতায় ফিরে এলে তেহরানও এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু করবে। ইরানের এই প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন স্কুগ।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।