শরণার্থীর স্রোত বন্ধ করতে সুদানের সঙ্গে ইইউ’র চুক্তি
https://parstoday.ir/bn/news/world-i9475-শরণার্থীর_স্রোত_বন্ধ_করতে_সুদানের_সঙ্গে_ইইউ’র_চুক্তি
আফ্রিকা থেকে শরণার্থীর স্রোত বন্ধ করতে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে বিতর্কিত চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৬ ১৩:১৮ Asia/Dhaka
  •  শরণার্থীর স্রোত বন্ধ করতে সুদানের সঙ্গে ইইউ’র চুক্তি

আফ্রিকা থেকে শরণার্থীর স্রোত বন্ধ করতে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে বিতর্কিত চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

জার্মানির সংবাদপত্র ‘দার স্পাইগেল’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৩ মার্চ ২৮ জাতির জোট ইইউ’র রাষ্ট্রদূতরা এ নিয়ে বৈঠক করে সম্মত হয়েছেন যে, এ ইস্যুতে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে সহযোগিতা করা হবে। চুক্তি অনুযায়ী, সুদানসহ আফ্রিকার আটটি দেশকে ইইউ তিন বছরে চার কোটি ইউরো দেবে এবং এ অর্থ খরচ করা হবে এসব দেশের সীমানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এসব দেশের মধ্যে ইরিত্রিয়া, সোমালিয়া, গণতান্ত্রিক কঙ্গো এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র রয়েছে বলে জানা গেছে। ইইউ একই ধরনের চুক্তি করেছে তুরস্কের সঙ্গে।

ইউরোপীয় কমিশন বলেছে, কোনো অবস্থাতাতেই জনগণ এ চুক্তির কথা জানতে পারবে না। কিন্তু গোপন এ চুক্তির তথ্য-প্রমাণ স্পাইগেলের হাতে পৌঁছেছে এবং তাতে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়ন শরণার্থীদেরকে নিবন্ধন করার জন্য ক্যামেরা, স্ক্যানার এবং সার্ভার সরবরাহ করবে সুদান সরকারকে।

চুক্তির আওতায় জার্মানির পুলিশ সুদানের সীমান্ত পুলিশকে প্রশিক্ষণ দেবে। এছাড়া, সুদান সীমান্তে ক্যাম্প এবং বন্দিশিবির নির্মাণ করে দেবে। এজন্য জার্মানির কর্মকর্তারা সম্প্রতি সুদান সফর করেছেন।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬