মার্কিন সন্ত্রাসী তালিকায় সৌদি, ইয়েমেন ও লিবিয়ার দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i9829-মার্কিন_সন্ত্রাসী_তালিকায়_সৌদি_ইয়েমেন_ও_লিবিয়ার_দায়েশ
সৌদি আরব, ইয়েমেন ও লিবিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৬ ০৮:১০ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসী (ফাইল ফটো)
    দায়েশ সন্ত্রাসী (ফাইল ফটো)

সৌদি আরব, ইয়েমেন ও লিবিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার) দায়েশের এই তিন শাখাকে “বিদেশি সন্ত্রাসী সংগঠন” বলে ঘোষণা দিয়েছে। মার্কিন এ পদক্ষেপের অর্থ হচ্ছে এসব দেশে তৎপর দায়েশ সন্ত্রাসী ও তাদের সমর্থকদের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ২০১৪ সালে যখন দায়েশের প্রধান ইব্রাহিম আস-সামারাই ওরফে আবু বকর আল-বাগদাদি সৌদি আরব, ইয়েমেন ও লিবিয়ার সন্ত্রাসীদেরকে তার কথিত খেলাফতের প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে তখনই এসব সন্ত্রাসী শাখার কথা প্রকাশিত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যদিও এসব দেশে সীমিত পর্যায়ে দায়েশের উপস্থিতি রয়েছে তবে তারা নানা সময়ে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে হামলা চালিয়েছিল দায়েশ। ওই হামলায় ১২০ জন নিহত হয় এবং তার দায় স্বীকার করেছিল এ গোষ্ঠী। এছাড়া, সৌদি আরবের কয়েকটি শিয়া মসজিদে হামলার দায়িত্ব স্বীকার করেছে দায়েশ।

মার্কিন প্রশাসন দায়েশ সন্ত্রাসীদেরকে কালো তালিকাভুক্ত করলেও সিরিয়া ও ইরাকে তৎপর এ গোষ্ঠীর সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয় নি আমেরিকা। বরং মার্কিন সরকার নানা কায়দায় অর্থ ও অস্ত্র দিয়ে দায়েশ সন্ত্রাসীদের সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে কাজে লাগাচ্ছে ওয়াশিংটন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০