ওকিনাওয়ায় মহিলা খুন: টোকিওতে মার্কিন রাষ্ট্রদূত তলব
-
জাপানে মার্কিন-বিরোধী প্রতিবাদ (ফাইল ফটো)
জাপানের ওকিনাওয়া দ্বীপে বর্বরভাবে এক নারী খুন হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে টোকিও সরকার। হত্যাকাণ্ডের পেছনে সাবেক এক মার্কিন মেরিন সেনা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
গতকাল (বৃহস্পতিবার) জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা মার্কিন রাষ্ট্রদূত ক্যারোলাইন কেনেডিকে তলব করে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানান। তার আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জাপানি পুলিশ ৩২ বয়সী সাবেক মেরিন সেনা কেনেথ ফ্রাংকলিন শিনজাতোকে গ্রেফতার করে।
গত মাসের শেষ দিকে রিনা শিমাবুকুরো নামে এক নারী নিখোঁজ হন এবং সম্প্রতি দক্ষিণ ওকিনাওয়ার একটি পরিত্যক্ত এলাকায় তার লাশ পাওয়া যায়। রিনার সঙ্গে মিলে যায়- ওই মেরিন সেনার গাড়িতে পুলিশ এমন ডিএনএ’র সন্ধান পেয়েছে।
আটক ফ্রাংকলিন জাপানের ওকিনাওয়া দ্বীপ বসবাস করতেন এবং সেখানকার মার্কিন বিমান বাহিনীর কাদেনা ঘাঁটিতে কাজ করত। জাপানি পুলিশ ধারণা করছে- মার্কিন ওই নাগরিক জাপানি নারী রিনাকে হত্যার পর তার লাশ বিকৃত করেছে।
এ প্রসঙ্গে জাপানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, এমন ধরনের বর্বর ঘটনা খুবই দুঃখজনক।
জাপানের ওকিনাওয়ায় বহু মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং মাঝেমধ্যেই তারা নারীঘটিত কেলেংকারিতে জড়িয়ে পড়ে। তাদের হত্যা ও ধর্ষণের ঘটনায় বহুবার স্থানীয় বাসিন্দারা মার্কিন সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০