ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর নয়: মডার্না
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম :
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী’-দৈনিক কালেরকণ্ঠ
- বিআরটিএ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান’-প্রথম আলো
- যেসব শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া- দৈনিক সমকাল
- ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর নয়: মডার্না-দৈনিক ইত্তেফাক
- বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া নির্বাচন করছে: কাদের- যুগান্তর
- রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিবে-দৈনিক যায়যায় দিন
ভারতের শিরোনাম:
- দেখা করতে আসবেন উদ্ধব-পুত্র আদিত্য, মমতার তালিকায় সিদ্ধিবিনায়ক মন্দিরও -আনন্দবাজার পত্রিকা
- সংসদ অধিবেশনের শুরুতে আন্দোলনে মৃত কৃষকদের উদ্দেশে শোক প্রস্তাব আনার দাবি কংগ্রেসের-দৈনিক সংবাদ প্রতিদিন
- টাটা চাচা জ্যাক', টুইটার সিইও বদলের পরেই ব্যঙ্গাত্মক মন্তব্য কঙ্গনার–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার প্রশ্ন (৩০ নভেম্বর)
১. কাল থেকে ঢাকায় শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর। বাংলাদেশের সব পত্র-পত্রিকায় খবরটি এসেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
২. ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা হচ্ছে। ইরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবলমাত্র আমেরিকা এই সমঝোতায় ফিরে আসতে পারবে। ইরানের এই শক্ত অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বিআরটিএ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান’-প্রথম আলো
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বেশ কিছু শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ থেকে ৩০ শিক্ষার্থী বিআরটিএর কার্যালয়ের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, তাঁরা ৯ দফা দাবি বাস্তবায়নে দুই দিনের সময় বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাঁদের কোনো দাবি মেনে নেয়নি। দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে তাঁরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থানকারী এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ৯ দফা দাবি আদায়ে তাঁরা গত বৃহস্পতিবার বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন। তখন তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। বিআরটিএ সময় চেয়েছিল। তারা আজকের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারির জন্য সময় দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। আজ গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার বিষয়ে যে ঘোষণা এসেছে, সেটি শর্ত সাপেক্ষে। আজ বিকেল চারটার মধ্যে দাবি মানা না হলে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।
ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী’-দৈনিক কালেরকণ্ঠ
বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানান তিনি।

এর আগে গত রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্রে ফিরে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হন। আর এর পরই ভারত সরকার বাংলাদেশসহ প্রায় অনেকগুলো দেশকে 'ঝুঁকিপূর্ণ' তালিকাভুক্ত করার বিষয়ে নির্দেশিকা জারি করে। তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর হালনাগাদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। আজ ৩০ নভেম্বর নতুন তালিকা দিয়েছে ভারত।
বিশ্বব্যাপী সরকারগুলো নতুন ওমিক্রন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরও (ডিজিএইচএস) রবিবার ভেরিয়েন্ট নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য একটি নির্দেশিকা ঘোষণা করেছে।
বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া নির্বাচন করছে: কাদের- যুগান্তর
বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া নির্বাচন করছে। তারা আওয়ামী লীগের বিদ্রোহীদের আশ্রয় করে মারামারি করছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, বিএনপি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ওপর ভর করে মারামারি, হানাহানি সৃষ্টি করেছে। ইউপি ভোট নিয়ে তিনি সেতুমন্ত্রী আরও বলেন, এবারের নির্বাচনে উপস্থিতি সর্বোচ্চ ছিল। একজন কমিশনারও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। নির্বাচনে অংশগ্রহণ মূল কথা। এবারের নির্বাচনে রেকর্ড অংশগ্রহণ হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এ দেশে কখনও শান্তিপূর্ণ হয়নি। তবে এতে শেখ হাসিনা সরকারের দৃষ্টিভঙ্গি—কেউ অপরাধ করে পার পাবে না। দলীয় মনোনয়ন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূল থেকে অনেক সময় ভুল নাম আসে। কখনও কখনও বিভিন্ন প্রভাবের কারণে সংস্থার রিপোর্টও প্রভাবিত হয়, ভুল আসে। ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎসাহস আওয়ামী লীগের আছে। আমরা ভুলগুলো খুঁজে বের করে সতর্ক হচ্ছি।
এর সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন মালিকদের সংগঠন শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজকে তারা এটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।
ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর নয়: মডার্না-দৈনিক ইত্তেফাক
দক্ষিণ আফ্রিকায় পাওয়া নতুন করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে বর্তমান টিকা আগের মতো কার্যকর নয়। এই নতুন ধরনের ভ্যারিয়েন্ট আর্থিক বাজারেও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে মডার্নার সিইও স্টিফেন ব্যান্সেলের বরাত দিয়ে এ কথা বলা হয়েছে।
মডার্নার সিইও স্টিফেন ব্যান্সেল বলেছেন তথ্য-উপাত্তের জন্য অপেক্ষা করতে বেশি সময় লাগে। অনেক বিজ্ঞানীর সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, নতুন ধরন আমাদের জন্য মঙ্গলজনক হবে না। টিকার কার্যকারিতা কমে গেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়বে এবং মহামারি আরও দীর্ঘায়িত হবে।
ব্যান্সেল বলেন, ওমিক্রনের বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরি করতে কয়েক মাস সময় লাগতে পারে। একটি নতুন ধরণের করোনভাইরাস, ওমিক্রন, বিশ্বের জন্য একটি নতুন হুমকি তৈরি করেছে। এ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন যে করোনভাইরাসটির এই রূপটি কমপক্ষে ৩২টি মিউটেশন ঘটিয়েছে। এর বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯।
এটি মানবদেহে খুব দ্রুত এবং সহজে ছড়িয়ে পড়তে পারে। ফলস্বরূপ, টিকা কম কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই কারণেই বিজ্ঞানীরা ওমিক্রন নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রথম খবর পেয়েছিল। এরপর তা ছড়িয়ে পড়ে নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। ফলে অনেক দেশ সীমান্ত বন্ধসহ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
দেখা করতে আসবেন উদ্ধব-পুত্র আদিত্য, মমতার তালিকায় সিদ্ধিবিনায়ক মন্দিরও -আনন্দবাজার পত্রিকা
মঙ্গলবার দুপুরে মুম্বই রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘উদ্ধব ঠাকরে অসুস্থ। তাই ওঁর সঙ্গে দেখা হবে না। তবে ওঁর ছেলে আদিত্য দেখা করতে আসবেন। এ ছাড়া এনসিপি প্রধানে শরদ পওয়ারের সঙ্গেও দেখা হওয়ার কথা।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘বিকেলে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করব। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণও জানাব। একই সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাব।’’ মঙ্গলবার রাতে মুম্বই পৌঁছনোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘোষিত উদ্দেশ্য শিল্প সম্মেলনে উপস্থিতি হলেও, মমতার মুম্বই সফরের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সাম্প্রতিক দিল্লি সফরে সনিয়া গাঁধীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেত্রীর সপাট জবাব ছিল, দিল্লি এলে সনিয়ার সঙ্গে দেখা করা কি বাধ্যতামূলক? সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন, নভেম্বরের গোড়ায় মুম্বই যাচ্ছেন শিল্প সম্মেলনে আমন্ত্রিত হয়ে। মায়ানগরীতে মমতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন বলে তখনই জানিয়ে দিয়েছিলেন। অতঃপর মুম্বই রওনা হলেন তৃণমূল নেত্রী। উদ্ধব অসুস্থ হলেও তাঁর পুত্রের সঙ্গে কথা হবে।
টাটা চাচা জ্যাক', টুইটার সিইও বদলের পরেই ব্যঙ্গাত্মক মন্তব্য কঙ্গনার–আজকাল
বড় ঘোষণা টুইটারের। মঙ্গলবার টুইটারের সিইও হিসেবে ঘোষণা করা হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পরাগ আগরওয়ালের নাম। প্রাক্তন সিইও জ্যাক ডরসি ইস্তফা দিতেই তাঁর জায়গা নিলেন পরাগ। খবর ছড়িয়ে পড়তেই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত। জ্যাক ডরসিকে ব্যঙ্গের সুরেই বিদায় জানালেন অভিনেত্রী। টুইটার সিইও বদলের খবরটি কঙ্গনা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে। প্রসঙ্গত, জ্যাক ডরসি সিইও থাকাকালীন টুইটার থেকে ঘাড়ধাক্কা খেয়েছিলেন কঙ্গনা।
জ্যাকের বদলে পরাগ আগরওয়ালের সিইও হওয়ার খবরটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'বাই চাচা জ্যাক!' সিইও বদলের ঘটনায়, বলাই বাহুল্য, উচ্ছ্বসিত কঙ্গনা। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক পোস্ট করতেন কঙ্গনা। কৃষক আন্দোলন ঘিরেও নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সেই সময় ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগে একবার টুইটারের তরফেই তাঁর অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছিল। এরপর মমতা ব্যানার্জিকে 'গুন্ডা' এবং 'দানব' আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তারপরেই তাঁর অ্যাকাউন্ট চিরদিনের মতো সাসপেন্ড করে দেওয়া হয়। জ্যাক ডরসি সিইও থাকাকালীন টুইটারের মুখপাত্র পোস্ট করে জানান, সোশ্যাল মিডিয়ার নিয়ম বারবার লঙ্ঘনের কারণে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ যেই করবেন, তাঁরা এক পদক্ষেপ নিতে বাধ্য হবেন। যদিও টুইটার তাড়িয়ে দেওয়ার পরেও মুখে কুলুপ দেননি কঙ্গনা। এরপর ইনস্টাগ্রামকে হাতিয়ার করেই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে মতামত ব্যক্ত করেন অভিনেত্রী।
পিএম সাহেব আন্তর্জাতিক বিমান বন্ধ করুন, দেরি করবেন না’, ওমিক্রন নিয়ে সতর্কবার্তা কেজরিওয়ালের-দৈনিক প্রতিদিন
গতবছর আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করতে দেরি করেছিল কেন্দ্র! তার ফলেই প্রথমবার ভারতে ঢুকে পড়তে পেরেছিল করোনা ভাইরাস (Covid 19)। ভাইরাসের নতুন স্ট্রেন ‘ওমিক্রন’ (Omicron) নিয়ে সতর্ক করতে কেন্দ্রকে সেই কথা মনে করিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মঙ্গলবার ওমিক্রন নিয়ে কেন্দ্রকে সতর্ক করে টুইট করেন কেজরিওয়াল।

আফ্রিকায় সন্ধান মেলার পর ইতিমধ্যে বিশ্বের ১৩টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, নতুন স্ট্রেন গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan) জানিয়েছেন, ওমিক্রন ভারতের জন্য সতর্কবার্তা! এই পরিস্থিতিতে যে সব দেশে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের হদিশ মিলেছে, সেই সব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন কোভিডবিধি জারি করেছে ভারত। দেশের সবক’টি আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।