ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
জেনেশুনেই হামলা সেনাবাহিনীর! অভিযোগ নাগাল্যান্ড পুলিশ এবং প্রত্যক্ষদর্শী বিজেপি নেতার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- তথ্যপ্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি মির্জা ফখরুলের’-প্রথম আলো
- তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, দলের না : ওবায়দুল কাদের’-দৈনিক কালেরকণ্ঠ
- বিএনপি ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে: কাদের- দৈনিক ইত্তেফাক
- সেন্টমার্টিন সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা বিজ্ঞানীদের- যুগান্তর
- মুখে কালো কাপড় বেঁধে শোক পালন শিক্ষার্থীদের-দৈনিক মানবজমিন
-
এই মুহূর্তে আমরা দেশে খুবই বিপদে আছি, নিউইয়র্কে রেজা কিবরিয়ার অভিযোগ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ওমিক্রনে আক্রান্ত এক পরিবারের চার সদস্য, বিয়েবাড়িতেও যান বিদেশ থেকে ফিরে -আনন্দবাজার পত্রিকা
- বাবরি ধ্বংসের বর্ষপূর্তি, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হল মথুরাকে-দৈনিক সংবাদ প্রতিদিন
- জেনেশুনেই হামলা সেনাবাহিনীর! অভিযোগ নাগাল্যান্ড পুলিশ এবং প্রত্যক্ষদর্শী বিজেপি নেতার –আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
তথ্যপ্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি মির্জা ফখরুলের’-প্রথম আলো
জিয়া পরিবারের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন। সম্প্রতি মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সম্পর্কে নানা মন্তব্য করেছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। বেসরকারি নারী সংগঠন নারীপক্ষ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে। মুরাদ হাসানের মন্তব্য সম্পর্কে বিবৃতিতে মির্জা ফখরুল জানান, একজন জাতীয় পতাকাধারী ব্যক্তির এ ধরনের বক্তব্য সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।
মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া প্রতিহিংসামূলক আচরণের শিকার হয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ না পেয়ে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ঠিক এমন সময়ে তাঁর পরিবারের একজন নারী সদস্য তথা পরিবারের বিভিন্ন জন সম্পর্কে অশ্লীল, অপপ্রচার ইতিমধ্যে নারী নেতৃত্বসহ দেশের সচেতন সব মহলের ঘৃণা কুড়িয়েছে।
তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, দলের না : ওবায়দুল কাদের’-দৈনিক কালেরকণ্ঠ
বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার এমন বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারীবিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তাঁর ব্যক্তিগত মত। দলের বক্তব্য না।
আজ সোমবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য হতে পারে। আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য না। এই ধরনের বক্তব্য কেন সে দিল, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’
সেন্টমার্টিন সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা বিজ্ঞানীদের- যুগান্তর
সমৃদ্ধ ‘জীববৈচিত্র্যের আধার’ হিসাবে বিবেচিত দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের প্রবালগুলো রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত চার দশকে এ দ্বীপ উপকূল থেকে হারিয়ে গেছে হাজার হাজার টন প্রবাল ও পাথর। এ কারণে ক্ষয়ের শিকার হয়ে উপকূলের বিস্তীর্ণ ভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে, বিশেষ করে দ্বীপের উত্তর উপকূলে সৃষ্টি হয়েছে ভাঙনের। মনুষ্যঘটিত বেশ কয়েকটি প্রভাবে দ্বীপটি পরিবেশগত এক ব্যাপক নেতিবাচক প্রভাবের শিকার হয়েছে। অবিলম্বে পরিবেশগত পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া না হলে অদূর ভবিষ্যতে দ্বীপটি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
শনিবার কক্সবাজারের পেঁচারদ্বীপস্থ বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বিজ্ঞানীদের ২০২০-২১ অর্থবছরে সম্পাদিত গবেষণা ফলাফল উপস্থাপনের ওপর আয়োজিত এক সেমিনারে বিজ্ঞানীরা এ তথ্য প্রকাশ করেন
বিএনপি ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে: কাদের- দৈনিক ইত্তেফাক
বিএনপি ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মহাসচিব আবোল-তাবোল বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। তারা ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, তামাশার গণতন্ত্র। তাদের বর্ণচোরা গণতন্ত্রে দেশের মানুষ আর ফিরে যাবে না।
মুখে কালো কাপড় বেঁধে শোক পালন শিক্ষার্থীদের-দৈনিক মানবজমিন
মুখে কালো কাপড় ও বুকে কালো ব্যাজ ধারণ করে সড়কে নিহতদের জন্য শোক পালন করলেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাজধানীর রামপুরা এলাকায় দুপুর ১২টায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। গত মঙ্গলবার থেকেই নিয়মিত রামপুরা ব্রিজে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টায় ব্রিজে জড়ো হন তারা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে নিহতদের স্বরণে শোক ও সংহতি প্রকাশ করেন তারা। নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে লাল কার্ড ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন তারা। শেওড়াপাড়া এলাকায় গ্রীণ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে নিহত শিক্ষার্থীর স্মরণে শোক র্যা লী বের করেন।
এই মুহূর্তে আমরা দেশে খুবই বিপদে আছি, নিউইয়র্কে রেজা কিবরিয়ার অভিযোগ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘এই মুহূর্তে আমরা দেশে খুবই বিপদে আছি। একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় এবং সবাইকে বিভিন্ন জুলুম-নিপীড়ন সহ্য করতে হচ্ছে। মানুষ জেলে গেলে তাদের ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। গুম-হত্যার এই রাজনীতি আওয়ামী লীগ গত ৮ বছরে এনেছে।’ যুক্তরাষ্ট্র সফররত রেজা কিবরিয়াকে নিউইয়র্কবাসীর পক্ষ থেকে ৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ (বাপ্রঅপ)। সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আজাদ আহমেদ পাটওয়ারি।
ওমিক্রনে আক্রান্ত এক পরিবারের চার সদস্য, বিয়েবাড়িতেও যান বিদেশ থেকে ফিরে -আনন্দবাজার পত্রিকা
একই পরিবারের চার জন সদস্য ওমিক্রন আক্রান্ত হয়েছেন রাজস্থানে। তবে সেটা আর এখন বড় খবর নয়। কেন্দ্রকে চিন্তায় ফেলেছে ওই পরিবারটি সম্পর্কে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি তথ্য। তাতে জানা গিয়েছে, ২৮ নভেম্বর চার জনই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। জয়পুরে আয়োজিত সেই বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন কম করে ১০০ জন অভ্যাগত। কাল বিলম্ব না করে তাই প্রশাসন এখন ওই বিয়েবাড়ির অতিথিতালিকা মেলাতে বসেছে। অতিথিদের করোনা পরীক্ষা করানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজস্থান সরকার।রাজস্থানের ওই পরিবারটি গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরে।
জেনেশুনেই হামলা সেনাবাহিনীর! অভিযোগ নাগাল্যান্ড পুলিশ এবং প্রত্যক্ষদর্শী বিজেপি নেতার –আজকাল
গতকাল নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় গোটা দেশ বিচলিত। জঙ্গি সন্দেহ করে ভুল করে ১৬ জন গ্রামবাসীকে গুলি করে মেরে ফেলেছে ২১ আধা সামরিক বিশেষ বাহিনী। সেনার তরফে দুঃখপ্রকাশ করা হলেও এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকী নাগাল্যান্ড রাজ্য পুলিশই গুরুতর অভিযোগ করেছে সেনার বিরুদ্ধে। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর অভিপ্রায়ই ছিল সাধারণ মানুষের খুন-জখম। এ নিয়ে একটি এফআইআরও দায়ের করেছে পুলিশ। এফআইআর-এর কপিতে লেখা হয়েছে, ‘বাহিনীর অভিযানের সময় কোনও পুলিশি সহায়তা ছিল না কিংবা এই অভিযানের জন্য রাজ্য পুলিশের কাছে কোনও সহায়তা চাওয়া হয়নি। তাই বীঝাই যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে হতাহত করা। শনিবার রাতে ঠিক কী হয়েছিল?
পুলিশ সূত্র এবং জেলা প্রশাসন বলছে, কয়লা খনির দিনমজুরেরা কাজ সেরে পিক আপ ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন। সারা সপ্তাহ খনিতে পরিশ্রম করে রবিবারের ছুটি কাটাতে বাড়ি আসেন তাঁরা। এ সময় মূর্তিমান বিভীষিকার মতো তাঁদের ওপর এলোপাথাড়ি গুলি চালায় ২১ আধা সামরিক বাহিনী। ভ্যানে থাকা আট জনের মধ্যে ছ’ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, জখম হন বাকি দু’জন। খবর পেয়ে খেপে যায় গ্রামবাসীরা। তারা বাহিনীর ওপর চড়াও হয়। জ্বালিয়ে দেয় তাদের গাড়ি। এক জওয়ানকে ঘিরে ধরলে তিনি এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন। তাতেও কয়েকজনের মৃত্যু হয়। ওই জওয়ানকে পিটিয়ে মারে গ্রামবাসীরা।
বাবরি ধ্বংসের বর্ষপূর্তি, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হল মথুরাকে-দৈনিক সংবাদ প্রতিদিন
বাবরি তো ঝাকি হ্যায়, মথুরা কাশী বাকি হ্যায়।’ নয়ের দশকে করসেবকদের এই হুঙ্কার ভোলার নয়। সেই স্লোগানের সুরেই আজ মথুরায় (Mathura) প্রথম পদক্ষেপ নিচ্ছে হিন্দু সম্প্রদায়। আজ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid demolition) বর্ষপূর্তির দিনেই শাহি ঈদগাহ মসজিদ সংলগ্ন চত্বরে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কায় মন্দির ও মসজিদ চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে মন্দিরনগরীর প্রশাসন।
ইতিমধ্যে অযোধ্যার (Ayodhya) বিতর্কিত ধর্মীয় স্থানে রামমন্দির নির্মাণের রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যাতেই অন্যত্র মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করা হয়েছে মুসলিম সম্প্রদায়কে। সুপ্রিম কোর্টের রায়ের সময়েই ‘অল ইন্ডিয়া আখড়া পরিষদ’ জানিয়েছিল, রাম মন্দিরের নির্মাণ শেষ হলে মথুরা ও কাশীর মন্দিরগুলিকে ‘মুক্ত’ করা হবে। সেই মতোই ৬ ডিসেম্বরে শাহি ঈদগাহ মসজিদ সংলগ্ন চত্বরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের ভাবনা।#
পার্সটুডে/বাবুল আখতার/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।