ডিসেম্বর ১০, ২০২১ ১২:৩৫ Asia/Dhaka
  • যেকোন সময় গ্রেপ্তার হবেন তাহসান-মিথিলা-ফারিয়া

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • খালেদা জিয়ার কিছু হলে, আপনার রেহাই নেই : রিজভী-দৈনিক কালেরকণ্ঠ
  • খালেদা জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের’-প্রথম আলো
  • যেকোন সময় গ্রেপ্তার হবেন তাহসান-মিথিলা-ফারিয়া- দৈনিক মানবজমিন
  • দুই বোতল পানির জন্য গাড়িটি পুড়ে শেষ, রাস্তার মানুষ শুধু ছবি তুলছিল (ভিডিও)'-বাংলাদেশ প্রতিদিন
  • মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি- যুগান্তর
  • খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ বিষয়ে যা বললেন আইনমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • চিন, ইটালির পর এ বার নেপাল! মমতার বিদেশ সফরে আবার ‘না’ মোদী সরকারের -আনন্দবাজার পত্রিকা
  • পুরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশই যথেষ্ট, কমিশন জানাল রাজ্যপালক-আনন্দবাজার পত্রিকা
  • দেশে একদিনে অনেকটা বাড়ল করোনায় মৃতের সংখ্যা, দ্রুত সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা- প্রতিদিন
  • রাওয়াতের কপ্টারের আগে পর্যবেক্ষক কপ্টার ছিল না, উঠছে সেনা ও বায়ুসেনার সমন্বয়ের অভাবের অভিযোগ  –আজকাল

খালেদা জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের’-প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে বিএনপি। ঘোলা পানিতে মাছ শিকার করাই দলটির উদ্দেশ্য। আজ শুক্রবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, কোনো সভ্য দেশের নেতার কাছে এমন বক্তব্য আশা করা যায় না। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ দেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে? ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন।

খালেদা জিয়ার কিছু হলে, আপনার রেহাই নেই : রিজভী-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায়, আপনার রেহাই নেই, শাস্তি আপনাকে পেতেই হবে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজকে শুধু বিএনপি নয় বিভিন্ন অধিকার গ্রুপ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল অনুরোধ করেছে, তারা সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করেছে। কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে পরশুদিন দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য যদি শোনেন, মনে হবে আমরা একটা জমিদারের অধীনে বসাবস করছি।

মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি- যুগান্তর

মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেছেন, মাদক, মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও ব্যাপক জনসচেতনতা দরকার।  সচেতনতা, সুদৃঢ় পারিবারিক বন্ধন, সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর নজরদারি এই অপরাধ প্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার ‘জাতীয় মানবাধিকার কমিশন’ আয়োজিত ‘মানবাধিকার দিবস- ২০২১’ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনায় বঙ্গভবন থেকে যুক্ত হয়ে তিনি একথা বলেন।  

রাষ্ট্রপতি বলেন, মানবপাচার ও মাদকের ভয়াবহতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।  মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে।  আমাদের তরুণ প্রজন্মকে এ সব থেকে দূরে রাখতে হবে।

দুই বোতল পানির জন্য গাড়িটি পুড়ে শেষ, রাস্তার মানুষ শুধু ছবি তুলছিল (ভিডিও)'-বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর এয়ারপোর্ট রোডে চলন্ত গাড়িতে হঠাৎ ধোয়া, এরপর আগুন। গাড়িটি যখন দাউ দাউ করে জ্বলছিল তখন আশপাশের মানুষ ছবি তোলায় ব্যস্ত ছিল। কেউ কেউ ভিডিও করছিল। কেউ আবার ফেসবুক লাইভে যান। অথচ পানি নিয়ে কেউ এগিয়ে এলে, গাড়িটি এভাবে পুড়ে শেষ হতো না।

ঘটনা বৃহস্পতিবার রাতের। এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী গাড়ির মালিকের ভাই হিরণ খান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বৃহস্পতিবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডে এই জলন্ত গাড়িটি আমার মেজ ভাই মো. রায়হান আলী খানের। কোনোমতে প্রাণে বেঁচে আমাকে ফোন দিয়ে বলল, ‘ভাইরে দুই বোতল পানির জন্য আমার গাড়িটা পুড়ে শেষ…।’

তিনি তার স্ট্যাটাসে জানান, গাড়িতে যখন ধোয়া বের হচ্ছিল তখন দরজা লক হয়ে যায়…। অনেক কষ্টে বাইরে বের হয়ে মানুষের কাছে পানির জন্য অনুরোধ করেন তার ভাই। কিন্তু কেউ এগিয়ে আসেনি। বরং রাস্তার মানুষগুলো পানি না দিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল।

হিরণ খান হতাশা প্রকাশ করে বলেন, ‘হায়রে ভাইরাল দুনিয়ার ভাইরাল মানুষ। কবে যে দেখব, মৃত্যুযাত্রি নিজের মায়ের মুখে পানি না দিয়ে শেষ নিঃশ্বাসের ভিডিও ভাইরালে ব্যস্ত এক সন্তান…।’

যেকোন সময় গ্রেপ্তার হবেন তাহসান-মিথিলা-ফারিয়া- দৈনিক মানবজমিন

ইভ্যালীতে বিনিয়োগ করা টাকা আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় এক গ্রাহকের মামলায় যেকোন সময় গ্রেপ্তার হবেন জনপ্রিয় তারকা তাহসান, অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া। আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি থানায় গত ৪ঠা ডিসেম্বর ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় তারা নজরদারিতে রয়েছেন। যেকোন সময় তাদেরকে গ্রেপ্তার করা হবে।সাজ্জাদুর বলেন, চটকদার বিজ্ঞাপন ও বেশী মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহকদের এরইমধ্যে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। প্রতিষ্ঠানটির প্রতারনায় শুরু থেকে সংযুক্ত করা হয়েছিলো নামী দামী তারকাদের। অনেকের অভিযোগ জনপ্রিয় এসব মানুষের দেয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বশান্ত হয়েছেন তারা। এবার তাদের বিরুদ্ধেও মামলা করেছেন সাদ স্যাম রহমান নামে এক ভুক্তভোগী।মামলার এজহারে সাদ স্যাম রহমান অভিযোগ করেন, ইভ্যালি থেকে ৩ লাখ ১৮ হাজার টাকায় মোটরসাইকেল কিনেছিলেন তিনি। মামলায় আসামি করা হয়েছে নয় জনকে।ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমা ছাড়াও মামলায় পাঁচ নম্বর আসামি করা হয়েছে সঙ্গীত শিল্পী তাহসান এবং আট ও নয় নম্বর আসামি করা হয়েছে অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াদ রশিদ মিথিলাকে।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ বিষয়ে যা বললেন আইনমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ গমন প্রসঙ্গে বলেছেন, ‘আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না, বিএনপির গতিতে চলবে না। আইনের বইয়ে আইন যেভাবে চলে, সেভাবে চলবে।’ 

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে আইনমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া পৌরশহরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে খালেদা জিয়াকে দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এখন বলছে বিদেশে যেতে দিতে হবে, না হলে আন্দোলন। একটা কথা আছে না, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায় আর শুতে দিলে ঘুমাইতে চায়। বিএনপির হয়েছে সেই অবস্থা। মনে রাখবেন, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না।’ 

চিন, ইটালির পর এ বার নেপাল! মমতার বিদেশ সফরে আবার ‘না’ মোদী সরকারের -আনন্দবাজার পত্রিকা

মতা বন্দ্যোপাধ্যায়কে নেপাল সফরে অনুমতি দিল না কেন্দ্র । তবে আনুষ্ঠানিকভাবে নবান্ন বা তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের কোনও মন্তব্য করা হয়নি।সূত্রের খবর, সে দেশের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন তৃণমূলনেত্রীকে। কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয়, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। যার উত্তরও দেয় নবান্ন। কিন্তু শোনা যাচ্ছে, তার পর মমতাকে অনুমতি দেওয়া হয়নি।

রাওয়াতের কপ্টারের আগে পর্যবেক্ষক কপ্টার ছিল না, উঠছে সেনা ও বায়ুসেনার সমন্বয়ের অভাবের অভিযোগ  –আজকাল

ধবার তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন বিপিন রাওয়াত। সস্ত্রীক। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু শেষকৃত্যের আগেই দুর্ঘটনায় মৃত্যু নিয়ে সেনা এবং বায়ুসেনার সমন্বয়ের অভাবের অভিযোগ সামনে এল।

প্রটোকল অনুযায়ী বিপিন রাওয়াতের মতো ভিভিআইপি–র ক্ষেত্রে কপ্টারের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যবেক্ষণকারী কপ্টার থাকার কথা। কিন্তু দুর্ঘটনার দিন সেখানে অন্য কোনও হেলিকপ্টারের দেখা মেলেনি। যা সুরক্ষা সংক্রান্ত প্রটোকলের পরিপন্থী। বায়ুসেনার সুলুর বিমানঘাঁটি সূত্রে জানা গেছে, নিয়ম মেনেই রাওয়াতের এমআই–১৭ ভি–৫ কপ্টারের আগে আবহাওয়া ও অন্যান্য সুরক্ষা সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দু’টি ছোট কপ্টার পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেনাবাহিনীর ‘মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার’ সেই প্রস্তাব নাকচ করে দেয়। যার ফলে বুধবার দুপুরে ওয়েলিংটনের ‘ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ’–এর উদ্দেশে রওনা দেয় শুধু রাওয়াতের কপ্টার। অন্য একটি খবরে আবার দাবি করা হয়েছে, বুধবার রাওয়াতের কপ্টারের উড়ানের আগে দু’টি ছোট কপ্টার নীলগিরি পাহাড়ের আবহাওয়া পর্যবেক্ষণে গিয়েছিল। কিন্তু তারা ওয়েলিংটনের হেলিপ্যাড না ছুঁয়েই ফিরে আসে। সেনা বা বায়ুসেনার তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। সেনার ‘মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার’–এর এক আধিকারিক জানিয়েছেন, আধুনিক এমআই–১৭ ভি–৫ কপ্টারের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তাঁরা এতটাই নিশ্চিত ছিলেন যে ‘স্কাউটিং কপ্টার’ পাঠানোর প্রয়োজন মনে করেননি। ইতিমধ্যে কুন্নুরের কপ্টার দুর্ঘটনার ঘটনায় সশস্ত্র বাহিনীর তিন শাখার তরফে যৌথ তদন্ত কমিটি গড়া হয়েছে। সেই কমিটির নেতৃত্ব দেবেন বায়ুসেনার এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। 

দেশে একদিনে অনেকটা বাড়ল করোনায় মৃতের সংখ্যা, দ্রুত সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা- প্রতিদিন

মিক্রন আতঙ্কের মধ্যেই দেশে একদিনে অনেকটা বাড়ল করোনায় মৃতের সংখ্যা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় চারগুণ। একদিনে এভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। তবে, উলটোদিকে মিলেছে স্বস্তিও। একে একে সুস্থ হচ্ছেন ওমিক্রন (Omicron) আক্রান্তরা। বৃহস্পতিবার রাতেই সুস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের প্রথম ওমিক্রন আক্রান্ত। গতকাল রাতে রাজস্থানের সাত ওমিক্রন আক্রান্তের করোনা রিপোর্টই নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৫০৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের প্রায় চারগুণ। দেশে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৭৩৫ জন।

পার্সটুডে/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।