ডিসেম্বর ১১, ২০২১ ১২:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • মুরাদের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • প্রতিষ্ঠানের প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন ঢং: পররাষ্ট্রমন্ত্রী’-প্রথম আলো
  • মার্কিন দূতকে তলব, প্রতিবাদ- দৈনিক মানবজমিন
  • কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ হাসান'-দৈনিক ইত্তেফাক
  • গুম নিয়ে বিএনপি মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে: ওবায়দুল কাদের- যুগান্তর
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘চমক’ বললেন মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার অসমে! চার মাস আগে খোয়া গিয়েছিল দুবাই থেকে -আনন্দবাজার পত্রিকা
  • রাওয়াতের প্রয়াণে শোকাচ্ছন্ন দেশ, আর আপনি নাচছেন!’ প্রিয়াঙ্কাকে তোপ বিজেপির- প্রতিদিন
  • TMC Manifesto: বিগত ৫ বছরের কাজের খতিয়ান, আজ রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের, থাকবে পরিকল্পনাও  –আজকাল

প্রতিষ্ঠানের প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন ঢং: পররাষ্ট্রমন্ত্রী’-প্রথম আলো

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন একটা ঢং। র‍্যাব এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অভিযোগ তথ্যভিত্তিক হওয়া উচিত। ১০ বছরে ৬০০ লোক মারা গেছেন, তা ঢালাওভাবে বলা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেখানে পরিপক্ব গণতন্ত্র রয়েছে, তাদের কাছ থেকে এমন ঢালাও অভিযোগ কাম্য নয়। কারণ, তাদের দেশে প্রতিবছর ছয় লাখ লোক নিখোঁজ হন। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে আজ সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেন। পররাষ্ট্রসচিব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

মুরাদের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান শেষে কালের কণ্ঠের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্র আইসিটি আইনে মামলা করতে পারতো কি না- কালের কণ্ঠের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তার অধিকার রয়েছে, সে মামলা করবে। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন।’ 

আইসিটি আইনে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রকে মামলা করেছে, এমনটা দেখা গেছে- এ কথার বিপরীতে আসাদুজ্জামান খান বলেন, ‘কেন, রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’

গুম নিয়ে বিএনপি মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে: ওবায়দুল কাদের- যুগান্তর

বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন। তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। শনিবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? প্রথমে তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল। পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন। ‘জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মন- মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।

মার্কিন দূতকে তলব, প্রতিবাদ- দৈনিক মানবজমিন

র‌্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন দূতের সঙ্গে এক ঘণ্টা কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এসময় আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদপত্রও দেয়া হয়।এরআগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

গতকাল দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয়। এই কর্মকর্তাদের মধ্যে র‌্যাবের সাবেক মহাপরিচালক এবং বর্তমান আইজিপি বেনজীর আহমেদও রয়েছেন। এ ছাড়া র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।মার্কিন পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজীর আহমেদ এবং র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ হাসান'-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

কানাডার স্থানীয় বাংলা অনলাইন পত্রিকা ‘নতুন দেশ’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেননি।

জানা যায়, ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় (শুক্রবার) দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিমানবন্দরের বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে মুরাদের কাছ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে জানান যে বিপুল সংখ্যক কানাডিয়ান তার প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয় থেকে ডা. মুরাদের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। কানাডার ইমিগ্রেশনও আমাদের কিছু জানায়নি। তবে গণমাধ্যমে খবর এসেছে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘চমক’ বললেন মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত

পুলিশের আইজি বেনজীর আহমেদসহ র‌্যাবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘চমক’ হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এখন দেখতে চাই মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়। তিনি বলেন, ‘আজকে একটি খবর বেরিয়েছে র‌্যাব নিয়ে- যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি হওয়ার কথা। এটি তাদের পরিণতি।’

শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি। ফখরুল বলেন, ‘আমরা এতদিন ধরে বলে আসছি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করতে। আজকে প্রমাণিত হয়েছে। দেখতে চাই যারা মানবাধিকার লংঘন করছে তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে।’

মারাদোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার অসমে! চার মাস আগে খোয়া গিয়েছিল দুবাই থেকে -আনন্দবাজার পত্রিকা

দুবাই থেকে দিয়েগো মারাদোনায় চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হল অসমে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে অসম পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ঘড়িটি। এই খবর টুইট করে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় অসম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’

অসম পুলিশের তরফে জানানো হয়েছে, দুবাই পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে ব্যক্তি মারাদোনার ঘড়ি চুরি করেছেন তিনি অসমে লুকিয়ে রয়েছেন। সেই খবর পেয়ে তারা খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত শনিবার ভোর ৪টে নাগাদ শিবসাগর জেলায় ওয়াজিদের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ওই দুষ্প্রাপ্য ও দামি ঘড়িটিও উদ্ধার হয়। 

জানা গিয়েছে, মারাদোনার সই করা তাঁর ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। চলতি বছর অগস্ট মাসে তিনি ঘড়িটি চুরি করে অসমে পালিয়ে আসেন। তবে সেটি বিক্রি করতে পারেননি তিনি। তার আগেই ধরা পড়লেন।

TMC Manifesto: বিগত ৫ বছরের কাজের খতিয়ান, আজ রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের, থাকবে পরিকল্পনাও  –আজকাল

আজ পুরভোটের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। যদিও দলের দাবি, গত ছ’বছরের ‘রিপোর্ট কার্ড’ বানানো হয়েছে। পুরসভার কাজের সব খতিয়ান থাকবে এটিতে। এরই পাশাপাশি আগামী দিনে কী কী পরিকল্পনা রয়েছে তারও উল্লেখ থাকবে এই ইস্তেহারে। তৃণমূল সূত্রে খবর, জমা জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। প্রসঙ্গত, গত কয়েক বছরে বৃষ্টি হলেই জলমগ্ন হয়েছে শহর কলকাতা। কিন্তু পুরবোর্ড ফের দখলের পর এই সমস্যা নিয়ে কাজ করতে চায় তারা। এরই সঙ্গে পানীয় জলের পর্যাপ্ত জোগানের প্রতিশ্রুতি থাকতে পারে। উল্লেখ্য, এখনও প্রচুর এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এবার সেই দিকটিতে নজর দিতে চায় রাজ্যের শাসকদল।

পাশাপাশি হেরিটেজ ভবন সংরক্ষণে জোর দেওয়া হবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‌শহরের দৃশ্য দূষণ রুখতে তারের জঞ্জাল সরাতেই হবে। হোর্ডিং, পোস্টার যত্রতত্র দেওয়া চলবে না।’‌ অর্থাৎ এই বিষয়গুলির ওপরেও নজর রয়েছে তৃণমূলের।

রাওয়াতের প্রয়াণে শোকাচ্ছন্ন দেশ, আর আপনি নাচছেন!’ প্রিয়াঙ্কাকে তোপ বিজেপির- প্রতিদিন

আগামী বছর গোয়া (Goa) বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। এরই মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী ভদরাকে (Priyanka Gandhi Vadra) দেখা গেল কেন্দ্রশাসিত অঞ্চলের মরপিরলা গ্রামে আদিবাসী রমণীদের সঙ্গে লোকনৃত্যে অংশ নিতে। যা দেখে বিজেপির (BJP) তোপ, সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে যেখানে দেশজুড়ে শোকের ছায়া, সেখানে কংগ্রেস নেত্রীর এই নাচ নিন্দনীয়।

শুক্রবার বিকেলে কংগ্রেসের টুইটারে পোস্ট করা হয় প্রিয়াঙ্কার নাচের ভিডিওটি। পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায় ৪৫ সেকেন্ডের ক্লিপটি। পরে ওই নাচের ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কাও। লেখেন, ”মরপিরলার আত্মবিশ্বাসী ও শক্তিশালী মহিলাদের সঙ্গে। পরিবেশ সংরক্ষণ এবং গোয়ায় সবুজের সংরক্ষণে এই মহিলাদের বিশেষ ভূমিকা রয়েছে।”

তাঁর এই পোস্টকেই আক্রমণ করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওটি টুইট করে লেখেন, ”যখন ২৬/১১ ঘটেছিল, সেদিনও ভোর পর্যন্ত পার্টি করেছিলেন রাহুল গান্ধী। দাদার মতো বোন প্রিয়াঙ্কা ভদরাও গোয়ায় গিয়ে নাচছেন, যখন গোটা দেশ সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্যের দিনে শোক ও দুঃখে ডুবে রয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে?”

গত বুধবার বিমান দুর্ঘটনা প্রয়াত হন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Rawat)। মারা যান তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারে থাকা আরও ১১ জন। এই ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। শুক্রবার ছিল শেষকৃত্য। দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়্যারে সস্ত্রীক শেষকৃত্য সম্পন্ন হয় কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো রাওয়াতের। ১৭ তোপধ্বনিতে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে। শেষ শ্রদ্ধায় শামিল ছিলেন ৮০০ সেনা। তাঁর অকাল প্রয়াণে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বিরাট শূন্যস্থান তৈরি হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই রকম এক আবহে কংগ্রেস নেত্রীর নাচের ভিডিও ঘিরে আক্রমণ করে প্রিয়াঙ্কাদের তোপ দাগল গেরুয়া শিবির।#

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।