ডিসেম্বর ১৩, ২০২১ ১৩:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি দেখার দায়িত্বে ৩ মন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

  • অমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর’-প্রথম আলো
  • সরকার আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছে: মান্না- দৈনিক মানবজমিন
  • মার্কিন নিষেধাজ্ঞায় ষড়যন্ত্র আছে’-দৈনিক ইত্তেফাক
  • গণআন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের- যুগান্তর

ভারতের শিরোনাম:

  • প্রতিবাদ সনিয়াদের, ‘নারীবিদ্বেষী’ বিতর্ক এড়াতে পিছু হঠল সিবিএসই, প্রত্যাহার প্রশ্ন -আনন্দবাজার পত্রিকা
  • পুরনো বন্ধুত্বের স্পর্শ, অতিরিক্ত মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে রাশিয়ার পাশেই ভারত- প্রতিদিন
  • গোরক্ষায় এবার তলোয়ার কেনার নিদান দিলেন সাধ্বী সরস্বতী  –আজকাল

অমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর’-প্রথম আলো

করোনার নতুন ধরন ‘অমিক্রন’ নিয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশ দেন।

গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের বৈঠকে অমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এ বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা বারবার বলেছেন, এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ, এটি দ্রুত ছড়ায়। যদিও এর প্রভাব করোনার ডেলটা ধরনের মতো না।

মার্কিন নিষেধাজ্ঞায় ষড়যন্ত্র আছে’-দৈনিক ইত্তেফাক

র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের আইজিপিসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৩ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র আমাদের বিরোধিতা করেছিল, বিজয়ের এ মাসে সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কি নতুন করে কোনো ষড়যন্ত্রের অংশ কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমি বলেছি, আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, সেটা আমাদের দেশের জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক এবং সন্ত্রাসীদের উৎসাহী করবে। মূল কথা হচ্ছে এটা।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি দেখার দায়িত্বে ৩ মন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি দেখভালের জন্য তিন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদসচিব বলেন, র‌্যাবের সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি। কারণ, এটা নিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হ্যান্ডেল করছেন। তাই এটা নিয়ে আর আলোচনা হয়নি।

গণআন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের- যুগান্তর

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করতে দুর্বার গণআন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সোমবার দেশের সব রাজনৈতিক দলসহ গণতন্ত্রমনা মানুষের প্রতি তিনি এ আহ্বান জানান। 

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, গত এক বছর ধরে দেশনেত্রীর চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছি। আর বিলম্ব নয়; জনগণ বেরিয়ে আসতে শুরু করেছে, পেশাজীবী ভাইয়েরাও বেরিয়ে আসছেন। তিনি বলেন, আজকের আন্দোলন শুধু খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন নয়; এ আন্দোলন  জাতিকে মুক্তির আন্দোলন। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, আমাদের অর্জিত সব স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থায় আসুন সব গণতান্ত্রিক জনগণ, রাজনৈতিক দলসহ সব গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে একটি দুর্বার গণআন্দোলন গড়ে তুলি। 

সরকার আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছে: মান্না- দৈনিক মানবজমিন

সরকার আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।মাহমুদুর রহমান মান্না বলেন, ১৩ বছর ধরে একটা স্বৈরশাসন চালাবার পরে এই সরকার আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছে। তাদের মন্ত্রী নিজের জানের ভয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে ব্যস্ত হয়েছেন। বিদেশের কোন রাষ্ট্র তাকে জায়গা দিচ্ছে না। এরকম একটা সরকার আর তার এরকম একটা মন্ত্রী। বাংলাদেশকে নিয়ে আজ বিশ্বের ১১০টি দেশ চিন্তিত। বাংলাদেশকে নিয়ে পৃথিবীর গণতন্ত্রকামী দেশ এবং মানুষ মনে করে, একটা মুক্তিযুদ্ধের পরে যা হওয়ার কথা ছিল এই দেশে তার সম্পূর্ণ বিপরীত কা- ঘটছে।আমাদের পুলিশ বাহিনী, আমাদের র‌্যাব, যারা সম্মানের সাথে এ দেশে অতীতে কাজ করছে আজ তারা বিশ্বের দরবারে কলঙ্কিত, সন্ত্রাসী, মানবতাবিরোধী বলে চিহ্নিত হতে যাচ্ছে।

প্রতিবাদ সনিয়াদের, ‘নারীবিদ্বেষী’ বিতর্ক এড়াতে পিছু হঠল সিবিএসই, প্রত্যাহার প্রশ্ন -আনন্দবাজার পত্রিকা

লিঙ্গ বৈষম্য সংক্রান্ত বিতর্ক এড়াতে পিছু হঠল সিবিএসই। দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ইংরেজির বিতর্কিত প্রশ্ন প্রত্যাহারের কথা ঘোষণা করা হল সোমবার। সিবিএসই জানিয়েছে, যে পরীক্ষার্থীরা ওই প্রশ্নের উত্তর লিখেছে, তাদের প্রত্যেককেই পুরো নম্বর দেওয়া হবে।

সিবিএসই পরীক্ষার বিতর্কিত প্রশ্ন ঘিরে সোমবার অশান্তি হয় সংসদে। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ওই প্রশ্নকে ‘চরম নারীবিদ্বেষী’ বলেন। সংসদে জিরো আওয়ারে বক্তৃতায় তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে এ জন্য নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত।’’ কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দলের সাংসদেরা কেন্দ্র নিয়ন্ত্রিত সিবিএসই-র এই পদক্ষেপের প্রতিবাদ ওয়াকআউট করেন।

দশম শ্রেণির পরীক্ষার একটি প্রশ্নে বলা হয়, ‘স্ত্রী যদি স্বামীর কথা মেনে চলেন, তবে সন্তানেরাও তাঁদের মায়ের বাধ্য হবে’। অন্য একটি বাক্যে বলা হয়, ‘মা আশকারা দেন বলেই সন্তানকে নিয়ন্ত্রণ করতে অভিভাবকদের সমস্যা হয়’।

গোরক্ষায় এবার তলোয়ার কেনার নিদান দিলেন সাধ্বী সরস্বতী  –আজকাল

এ আর এক সাধ্বী।

তবে প্রজ্ঞা নন। সরস্বতী। বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী সরস্বতী হিন্দুদের পরামর্শ দিলেন, পরিবার ও গোরক্ষায় অস্ত্র কিনুন এবং তা সবসময় সঙ্গে রাখুন। তাঁর কথায়, কর্নাটকে যাঁরা টিপু সুলতানের প্রশংসা করে তাঁরা নাকি দেশদ্রোহী। রবিবার কর্নাটকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের হিন্দু সংগম অনুষ্ঠানে হাজির ছিলেন সাধ্বী। বক্তৃতায় বলেন, ‘‌গোটা পৃথিবীতে গোমাতাকে শ্রদ্ধা করা হয়, কিন্তু কর্নাটকে গরুকে হত্যা করে মাংস খায় কিছু মানুষ। এই কষাইদের এদেশে থাকার যোগ্যতাই নেই। এরাই অস্ত্র দেখিয়ে হিন্দুদের গোয়াল থেকে গরু চুরি করে। ফলে আমাদেরও গোমাতাকে রক্ষা করার জন্য সঙ্গে তলোয়ার রাখা উচিত।’‌ সাধ্বীর কথায়, ‘‌লাখ টাকা দিয়ে যাঁরা ফোন কিনতে পারেন, তাঁরা একটা তলোয়ারও নিশ্চয়ই কিনতে পারবেন।’‌ সাধ্বীর আরও সংযোজন, ‘‌কর্নাটকের কিছু দেশদ্রোহী টিপু সুলতানের প্রশংসা করে থাকেন, এঁদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাতে হবে। কষাই, ধর্মান্তকরণ ও লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনতে হবে সরকারকে।’‌ 

পুরনো বন্ধুত্বের স্পর্শ, অতিরিক্ত মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে রাশিয়ার পাশেই ভারত- প্রতিদিন

ওমিক্রন’ নামক করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব, ভারতের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বিপিন রাওয়াতের অপঘাতে মৃত্যুর মতো আলোড়ন সৃষ্টিকারী খবরের পাশাপাশি যে হেডলাইন গত একসপ্তাহ ধরে আন্তর্জাতিক মিডিয়াকে আচ্ছন্ন করে রেখেছে, তা হল ইউক্রেন সংকট।

মার্কিন গুপ্তচর সংস্থা স্পষ্ট ছবি দিয়ে দেখিয়েছে, ইউক্রেন-রুশ সীমান্তে মস্কো লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে। হঠাৎ করে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া যে কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারে, এমন আশঙ্কায় ইউরোপ থরথর। সামনাসামনি নয়, রুশ রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও মারফত শীর্ষবৈঠক সারতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। রুশ প্রেসিডেন্টের মতিগতি বুঝতে যখন দুনিয়া তোলপাড়, হোয়াইট হাউসকে শলাপরামর্শ করতে হচ্ছে জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে, ঠিক সেই সময় পুতিন যদি কোনও দেশকে ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করে বিশেষ চুক্তি সই করেন, তা হলে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার জন্য শ্লাঘা বোধ করা যেতেই পারে। আপাতত সেই গর্বে গর্বিত নয়াদিল্লি। ভারত-রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর যদি নয়াদিল্লির গত এক দশক ধরে চলতে থাকা পররাষ্ট্র-নীতিতে গুরুত্বপূর্ণ বাঁক হয়, তা হলে সেটা কিন্তু ঘটছে আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।