ডিসেম্বর ২৭, ২০২১ ১৩:৪০ Asia/Dhaka
  • 'খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে বিএনপি’

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ত্রুটি নিয়েও অন্য লঞ্চের সঙ্গে পাল্লা দিচ্ছিল এমভি অভিযান-১০-দৈনিক কালেরকণ্ঠ
  • খালেদাকে বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মত দিয়েছেন আইনমন্ত্রী’ প্রথম আলো
  • খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে বিএনপি’-দৈনিক ইত্তেফাক
  • নিউ ইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে ৪ গুন, যুক্তরাষ্ট্রে দিনে গড়ে আক্রান্ত প্রায় দুই লাখ দৈনিক মানবজমিন
  • সৈকত থেকে তুলে নিয়ে সেই গৃহবধূকে গণধর্ষণ করা হয়: র‌্যাব: পুলিশ সুপার: যুগান্তর
  • বিনাভোটে চেয়ারম্যান হওয়ার জন্য নিজেরা খুনোখুনি করছে : রিজভী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • আমার কাজ করেছি, ওঁর কাজ উনি করুন, রাজ্যপালের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চণ্ডীগড় পুরভোটে বড় ধাক্কা বিজেপির, আপের উল্কা-উত্থানে চাপে কংগ্রেসও- প্রতিদিন
  • বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের  আজকাল

খালেদাকে বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মত দিয়েছেন আইনমন্ত্রী’ প্রথম আলো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে এই আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

তবে আইনি মতামতে কী আছে, তা জানাননি আইনমন্ত্রী। এটি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত যাবে, তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাননি আইনমন্ত্রী।আজ সোমবার নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তাঁর পরিবার। নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের ভেতরে যেকোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন।

ত্রুটি নিয়েও অন্য লঞ্চের সঙ্গে পাল্লা দিচ্ছিল এমভি অভিযান-১০-দৈনিক কালেরকণ্ঠ

এমভি অভিযান-১০ লঞ্চে নতুন ইঞ্জিনে ত্রুটি থাকার কারণে গত বৃহস্পতিবার রাতে চলার সময় বিকট শব্দ হচ্ছিল। চিমনি দিয়ে স্বাভাবিকভাবে ধোঁয়া বের হচ্ছিল না। সেখানে আগুনের ফুলকি বা স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। এর মধ্যেও অন্য লঞ্চের সঙ্গে পাল্লা দিতে অভিযান-১০-এর গতি বাড়ানো হয়। একপর্যায়ে ইঞ্জিনরুমে বিকট শব্দে ধোঁয়ার কুণ্ডলি বের হয়। তখন গোটা লঞ্চের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর ইঞ্জিনরুম থেকেই লঞ্চে ছড়িয়ে পড়ে আগুন।

অভিযান-১০ লঞ্চের নিচতলার প্রত্যক্ষদর্শী যাত্রী ও লঞ্চের কর্মীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল রবিবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কালের কণ্ঠের কথা হয়। বেঁচে যাওয়া লঞ্চযাত্রীরা গতকাল বরগুনায় নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছেও একই ধরনের বর্ণনা দিয়েছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে বিএনপি’-দৈনিক ইত্তেফাক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, তাই তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে।’ তথ্য ও সম্প্রচারমন্ত্রী সোমবার (২৭ ডিসেম্বর) নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘নিয়ম অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা। কিন্তু, খালেদা জিয়া অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সে ক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।’

ইউপি নির্বাচন বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এবার দ্বিতীয় বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশির ভাগ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর পরের অবস্থানের আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছেন বিএনপির নেতারা। তাঁরা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাঁদের প্রার্থী ছিল। তাঁদের হাতেগোনা কয়েকজন জয় পেয়েছেন।’

নিউ ইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে ৪ গুন, যুক্তরাষ্ট্রে দিনে গড়ে আক্রান্ত প্রায় দুই লাখ দৈনিক মানবজমিন

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে এ বিষয়ে সতর্কতা দেয়া হয়েছে। তারা বলেছে, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যার কার্ভ ঊর্ধ্বমুখী। অন্যদিকে করোনাভাইরাস পরীক্ষায় যে ঘাটতি আছে তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউজ। স্বাস্থ্য বিভাগ তার সতর্কতায় বলেছে, নিউ ইয়র্ক সিটিতে ১৮ বছর এবং এর কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। ৫ই ডিসেম্বর থেকে শুরু করে এই প্রবণতা শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া এসব শিশুর মধ্যে প্রায় অর্ধেকেরই বয়স ৫ বছরের কম। এই বয়সীরা করোনাভাইরাসের টিকা নেয়ার ক্ষেত্রে বৈধ নয়।এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বাড়ছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, সাত দিন ধরে সেখানে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ ৯০ হাজার মানুষ করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছেন। বড়দিনের ছুটি উদযাপনের সময় মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। পরিবারগুলো একত্রিত হয়েছে। এসব বিষয় যুক্ত হয়েছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে। ফলে যুক্তরাষ্ট্রজুড়ে করোনা পরীক্ষার জন্য তোড়জোড় শুরু হয়েছে।

বিনাভোটে চেয়ারম্যান হওয়ার জন্য নিজেরা খুনোখুনি করছে : রিজভী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউপি নির্বাচন হচ্ছে সেখানে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কিসের সংলাপ। কী নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে। গতকালও তিনজন নিহত হয়েছে। এই হচ্ছে তাদের চালচিত্র। সোমবার দুপুরে শেরে-বাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

সৈকত থেকে তুলে নিয়ে সেই গৃহবধূকে গণধর্ষণ করা হয়: র‌্যাব: পুলিশ সুপার: যুগান্তর

শিশুসন্তানের চিকিৎসায় অর্থ সংকুলানের জন্য স্বামীর সঙ্গে কক্সবাজারে গিয়ে সেই গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

গণধর্ষণকাণ্ডের প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে (৩০) গ্রেফতার করার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি জানিয়েছে, সে ও তার সহযোগীরা গৃহবধূ ও তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এর পর লাবণী বিচ এলাকার রাস্তা থেকে গৃহবধূকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। 

গ্রেফতার আশিকুল ইসলাম আশিক ওই নারীকে ধর্ষণ করে ও জিয়া গেস্ট ইন হোটেলে আটকে রেখে তার স্বামীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এর পর তাকে হোটেলে আটকে রেখে আশিক হোটেল থেকে বের হয়ে যায়।  পরে বিষয়টি ব্যাপকভাবে স্থানীয় পর্যায় ও বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে আশিক আত্মগোপনে চলে যায়। সে বেশভূষা পরিবর্তন করে ঘটনার দুদিন পর কক্সবাজার থেকে একটি এসি বাসে ঢাকায় আসে। এর পর ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে সে মাদারীপুরের মোস্তাফাপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার হয়।

আমার কাজ করেছি, ওঁর কাজ উনি করুন, রাজ্যপালের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশন নিয়োগের বৈঠক শেষে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম না করে তীব্র উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুখ্যমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই বিষয়ে ভারত সরকারের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমরা এই নিয়োগের ক্ষেত্রে সেই সব নিয়ম মেনে চলেছি। এই পদে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট নির্দেশ রয়েছে, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন রয়েছে, সবগুলিই মানা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা সাতদিন আগে চিঠি দিয়ে বিষয়টি সবাইকে জানিয়েছিলাম। এই পদে অবসরপ্রাপ্ত বিচারপতিদের বসানো হয়। আমি মনে করি প্রত্যেকের নিজস্ব সাংবিধানিক সীমাবদ্ধতা আছে। আমার কাজ আমি করব ওঁর (রাজ্যপাল) কাজ উনি করবেন।’’

চণ্ডীগড় পুরভোটে বড় ধাক্কা বিজেপির, আপের উল্কা-উত্থানে চাপে কংগ্রেসও- প্রতিদিন

বছর ঘুরলেই পাঞ্জাব ভোট। তার আগে চণ্ডীগড় পুরভোটে (Chandigarh MC Result) বড় ধাক্কা খেল বিজেপি। আর কংগ্রেসের উদ্বেগ বাড়িয়ে উল্কা গতিতে উত্থান হল আপের। পাঞ্জাবের পুরভোটে প্রথমবার লড়াই করেই একক বৃহত্তম দল হল আম আদমী পার্টি (Aam Aadmi Party)। পাঞ্জাবের বিধানসভা ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেজরিওয়ালের এই ধুমকেতুর মতো উত্থান রক্তচাপ বাড়াবে কংগ্রেসের (Congress)।

চণ্ডীগড় পুরসভার ৩৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, চমক দিয়ে আপের (AAP) দখলে ১৪টি ওয়ার্ড। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ১২টি আসন। কংগ্রেসের দখলে রয়েছে ৮টি ওয়ার্ড। শিরোমনি অকালি দল (SAD) পেয়েছে ১টি। তবে ম্যাজিক ফিগার ছুঁতে পারল না কোনও দলই।

তাৎপর্যপূর্ণভাবে চণ্ডীগড়ের প্রাক্তন বিজেপি মেয়র রবিকান্ত শর্মা এবং দাভেস মুদগিল পরাজিত হয়েছেন। মুদগিল ৯৩৯ ভোটে হেরেছেন আপ প্রার্থীর কাছে। আর রবিকান্ত পরাজিত হয়েছেন ৮৮৮ ভোটে।

বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের  আজকাল

গোটা দেশে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন। এই মুহূর্তে ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা অন্তত ৫৭৮। এই অবস্থায় রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয়েছে, ‘‌ডেল্টার চেয়ে বেশি সংক্রমক ওমিক্রন।’‌ অতএব, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকায় সমস্ত রাজ্যের জেলাশাসকদের পরিস্থিতি বুঝে কড়া সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এলাকা বিশেষে আক্রান্তের সংখ্যা বাড়লে কনটেনমেন্ট জোন ঘোষণা করতে বলা হয়েছে সমস্ত রাজ্যের জেলাশাসকদের। টিকাকরণের উপর বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। যাঁদের করোনার টিকার একটি ডোজ নেওয়া হয়েছে তাঁরা সময় মতো দ্বিতীয় ডোজ নিচ্ছেন কিনা, তা দেখতে বলা হয়েছে। পাশপাশি পর্যাপ্ত কোভিড টেস্টের ব্যবস্থা করতে বলা হয়েছে।

পাশাপাশি নতুন করে করোনা বিধির প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়। যার মধ্যে অন্যতম মাস্ক পরা বাধ্যতামূলক। প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষত রাস্তাঘাট–বাজার কিংবা স্টেশনের মতো জনবহুল জায়গায় মাস্ক পরতেই হবে। এছাড়াও কর্মস্থলে ও ট্রেন–বাসে সফর করার সময় মানুষ মাস্ক পরছে কিনা তার দিকে নজর রাখতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। প্রকাশ্যে থুতু ফেলায় জরিমানা করতে বলা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।