কথাবার্তা
হঠাৎই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান! কেন এমন ভোলবদল পাক সুপ্রিমোর?
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- চীন থেকে এলো ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা-দৈনিক কালেরকণ্ঠ
-
রাজধানী বনানীতে আরও তিনজন অমিক্রনে আক্রান্ত’ প্রথম আলো
- মেগা প্রকল্পে মেগা উন্নয়ন-দৈনিক ইত্তেফাক
- ফেনীতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির পথসভা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ইটপাটকেল নিক্ষেপ- মানবজমিন
- পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট: যুগান্তর
- নাগাল্যান্ড গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করবে রাজ্যের SIT, অনুমতি দিল সেনা’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ধর্ম থেকে রাজনীতিকে বাদ রাখার কথা বলে গোয়ার রুদ্রকেশ্বর মন্দির পুজো দিলেন অভিষেক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- হঠাৎই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান! কেন এমন ভোলবদল পাক সুপ্রিমোর?- প্রতিদিন
- নাগাল্যান্ড গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করবে রাজ্যের SIT, অনুমতি দিল সেনা’-দৈনিক সংবাদ প্রতিদিন
- ওমিক্রনের থাবা! ফের বন্ধ হতে পারে স্কুল, পর্যালোচনার নির্দেশ মমতার আজকাল
রাজধানী বনানীতে আরও তিনজন অমিক্রনে আক্রান্ত’ প্রথম আলো
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে আরও তিনজন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে সাতজন অমিক্রন ধরনে সংক্রমিত হলেন। নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা। তাঁদের মধ্যে দুজনই নারী। আজ বুধবার সকালে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে।
জিআইএসএআইডি জানিয়েছে, নতুন করে সংক্রমিত দুই নারীর একজনের বয়স ৩০, আরেকজনের বয়স ৪৭ বছর। তাঁদের একজনের নমুনা নেওয়া হয়েছে ১৯ ডিসেম্বর এবং আরেকজনের ৮ ডিসেম্বর। অমিক্রনে আক্রান্ত হওয়া পুরুষ ব্যক্তিটির বয়স ৮৪ বছর। তাঁর কাছ থেকে নমুনা নেওয়া হয় ১৯ ডিসেম্বর। নতুন করে অমিক্রনে সংক্রমিত এই তিনজনই সুস্থ আছেন।
বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিসি) ওই তিনজনের নমুনা সংগ্রহ করে এবং সে নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিশ্লেষণ করে জিআইএসএআইডিতে পাঠিয়েছে। নতুন সংক্রমিত ব্যক্তিদের সম্পর্কে এর বেশি বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসের অমিক্রন ধরনে এক নারী সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। সংক্রমিত এই নারী রাজধানীর বাসাবোর বাসিন্দা। তাঁর বয়স ৩৩ বছর। ২০ ডিসেম্বর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। এর আগের দিন ঢাকার ৫৬ বছর বয়সী আরেক ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জিআইএসএআইডির তথ্যে জানা যায়। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তাঁরা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
নারী ক্রিকেট দলটি জিম্বাবুয়ে থেকে ১ ডিসেম্বর দেশে ফেরে। ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আর ১১ ডিসেম্বর জানা যায়, তাঁরা অমিক্রন ধরনেই আক্রান্ত হয়েছেন। এরপর ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তিনি অবশ্য অমিক্রনে নয়, ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন। তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চীন থেকে এলো ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা-দৈনিক কালেরকণ্ঠ
চীন থেকে বাংলাদেশে এসেছে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ করোনার টিকা। করোনা টিকার সর্ববৃহৎ এই চালানটি এসেছে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির অংশ হিসেবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইউনিসেফের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিসেফ সরবরাহকৃত ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে। ইউনিসেফ দ্বারা সরবরাহকৃত এই ১০ কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিপুলসংখ্যক টিকা সংগ্রহ করেছে। টিকার এই চালান ২০২২ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে কভিড টিকার আওতায় আনার লক্ষ্যকে বেগবান করবে। চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘মহামারি থেকে পরিত্রাণের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা পাওয়ার সম-অধিকার নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী টিকা দেওয়ার হার বাড়ানো। উৎপাদকদের কাছ থেকে টিকা সংগ্রহ করে সেটা বাংলাদেশের প্রতিটি কোণে পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’
পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট: যুগান্তর
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে ২০২২ সালের প্রথম সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হবে। খবর আল অ্যারাবিয়ার। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে’ পুতিন ইরানি প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জাহরোমি বলেন, তেহরান-মস্কো সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা হবে এই সফরের মূল উদ্দেশ্য।
এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, ইরান ও রাশিয়া ‘সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপনের’ প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী হয়েছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া।
গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোনালাপে মস্কোর সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চেষ্টা করছে ইরান।
ফেনীতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির পথসভা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ইটপাটকেল নিক্ষেপ- মানবজমিন
ফেনীতে ১৪৪ ধারা উপেক্ষা করে পথসভাকে কেন্দ্র করে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে পুলিশের সঙ্গে নেতাদের ধস্তাধস্তি, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংক্ষিপ্ত বক্তব্য রেখে পূর্ব নির্ধারিত জনসভা কর্মসূচির সমাপ্তি করে স্থান ত্যাগ করে বিএনপির নেতা-কর্মীরা।ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেসবাহ উদ্দিন জানান, পূর্ব নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে নেতা-কর্মীর শহরের ইসলামপুর রোডের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়। সকাল ১০টার দিকে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিতে চাইলে নেতা-কর্মীদের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।এসময় দুর্বৃত্তরা বেশ কিছু ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় দুই পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিক আহতদের নাম যায়নি।
একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ দপ্তর সম্পাদক বেলাল আহম্মেদ।বক্তারা এসময় বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি ভণ্ডুল করতে যুবলীগ অযাচিত সমাবেশ ডেকে ১৪৪ ধারা জারি করে। এভাবে করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবদীন ভিপি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা সুনিশ্চিত করতে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাহফুজুল হক বলেন, বিএনপির নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ বলেন, ‘প্রশাসনের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল।প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় আপাতত আমরা আমাদের প্রোগ্রাম করছি না।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ফেনী ওয়াপদা মাঠসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শহরজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে।জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা আহ্বান করায় আইন-শৃঙ্খলার অবনতির আশংকায় শহর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি রয়েছে। বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী শহর ও পৌর এলাকায় এই ১৪৪ ধার বলবৎ থাকবে। ১৪৪ ধারা বাস্তবায়নে এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকি করছেন।
দলীয় সূত্র জানায়, ফেনী জেলায় বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল গত মঙ্গলবার বেলা দুইটায়। জেলা প্রশাসন শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠ ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু ফেনীর সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর আকস্মিক মৃত্যু ও দাফনের জন্য বিএনপির সমাবেশের অনুমতি থাকা সত্ত্বেও স্থগিত ঘোষণা করে। এ জন্য মঙ্গলবারের সমাবেশ বুধবার বেলা দুইটায় ঘোষণা করা হয়। সে আলোকে মঙ্গলবার বিকাল থেকেই দলীয় নেতাকর্মীরা ওয়াপদা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু করেন। জেলা প্রশাসন থেকে সভার আগের অনুমতির পরিপ্রেক্ষিতে বুধবার সভা করার জন্য দরখাস্ত দেয়া হয়। বিএনপির সভা ভন্ডুল করার জন্য পরিকল্পিতভাবে একই স্থানে জেলা যুবলীগ আকস্মিক কর্মিসভা ডাকে। যুবলীগের পক্ষ থেকে ওই স্থানে কর্মী সমাবেশের ঘোষণা করায় বিএনপি হতভম্ভ হয়ে যায়। এ ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে বলে জানায়, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে ফের জেলে গিয়ে আবেদন করতে হবে’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
বিদেশে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে গিয়ে আবারও আবেদন করতে পারবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আইনি সুযোগ নেই। তার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়েছে, তাকে বিদেশে পাঠানোর আইনগত কোনও সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানবিক কারণে দণ্ড স্থগিত রেখে খালেদা জিয়াকে তার সুবিধামতো চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দণ্ড মওকুফ করে তাকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই। তিনি বাসায় থেকে কিংবা সুবিধামতো চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
মেগা প্রকল্পে মেগা উন্নয়ন-দৈনিক ইত্তেফাক
বর্তমান সরকারের আমলে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এসেছে গত এক দশকে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বে রোল মডেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ‘ভিশন ২০৪১’। ওই বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চান তিনি। তারপর আছে শত বছরের ডেল্টা প্ল্যান। বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা ও মাতাবাড়ি গভীর সমুদ্রবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। এসব প্রকল্পের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হবে।
পদ্মা বহুমুখী সেতু
পদ্মা বহুমুখী সেতু আজ আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। এই সেতু বাংলাদেশের গৌরব এবং সক্ষমতার প্রতীক। নিজস্ব অর্থায়নে এ সেতুর নির্মাণকাজ এগিয়ে চলেছে। পদ্মা সেতু উন্নয়নের সূচকে যোগ করবে নবমাত্রা। ইতোমধ্যে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। গত ২৩ আগস্ট পদ্মা সেতুতে সড়ক পথের শেষ স্ল্যাবটি বসানোর মধ্য দিয়ে আরেকটি মাইল ফলক স্পর্শ করে বাঙালির বহুল কাঙ্ক্ষিত ‘স্বপ্নের পদ্মাসেতু’।
পদ্মা বহুমুখী সেতু
গত ২০ জুন শেষ হয় সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। এর আগে গত বছরের ১০ ডিসেম্বর শেষ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু। দুই তলা বিশিষ্ট সেতুর ওপরে চারলেনে চলবে যানবাহন এবং নিচ দিয়ে চলবে ট্রেন। পদ্মা সেতু নির্মিত হলে দেশের জিডিপি শতকরা ১.২৬ ভাগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সেতু নির্মাণের ফলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল
দেশে প্রথমবারের মতো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের প্রায় ৭৮ ভাগ শেষ হয়েছে। প্রায় ১৩ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে এবং প্রায় চার কিলোমিটার রেল লাইন স্থাপন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করেছে।
মেট্রোরেল
এর আগে, উত্তরা ডিপো থেকে মিরপুর-১০ নম্বর এলাকা পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছিল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এ রুটে ১৬টি স্টেশন থাকবে। মেট্রোরেল নেটওয়ার্ক নির্মাণকাজ শেষ হলে ঢাকা মহানগরীতে গণপরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় নদীর নিচে প্রথম টানেল নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও স্বপ্নদর্শী নেতৃত্বের এক অনন্য উদাহরণ। ২০১৬ সালের ১৪ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জি-টু-জি ভিত্তিতে টানেল নির্মাণের লক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ছবি: সংগৃহীত
এই প্রকল্পে ব্যয় হচ্ছে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা। টানেলের দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার। দু’টি টিউবের প্রতিটির দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। ব্যস ১০ দশমিক ৮০ মিটার। টানেলকে ঘিরে কর্ণফুলীর দক্ষিণ পাড় থেকে কক্সবাজার পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। গত ৫ অক্টোবর মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খুলে দেওয়া হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি উদ্বোধন
দ্রুত গতিতে এগিয়ে চলেছে আরেক চ্যালেঞ্জিং প্রকল্প দেশের সর্ববৃহৎ এবং প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ। যা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান। শেখ হাসিনা সরকার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিশ্বে পদার্পণ করে এবং বিশ্ব পরমাণু ক্লাবের সদস্যপদ লাভ করেছে। রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করেন।
ঢাকা নগর পরিবহন চালু
ব্যস্ততম নগরী রাজধানী ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালু হলো ঢাকা নগর পরিবহন। ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কার্যক্রমের উদ্বোধন করেন। বাস রুট র্যাশনালাইজেশনের প্রথম ধাপে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২১ কিলোমটার পথে চলবে বাস। এই বাসে ভাড়া হবে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা। মোট ১০০টি বাস দিয়ে পরিচালিত হবে এই কার্যক্রম।
ধর্ম থেকে রাজনীতিকে বাদ রাখার কথা বলে গোয়ার রুদ্রকেশ্বর মন্দির পুজো দিলেন অভিষেক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
আগামী ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভার নির্বাচন। সেই কারণে গোয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছে তৃণমূল। মঙ্গলবার রাতেই গোয়া গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে গোয়ার সানকুলামের রুদ্রকেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। তার পরেই দিলেন ধর্ম থেকে রাজনীতিকে বাদ রাখার বার্তা। পুজো দিয়ে কি তিনি গোয়ায় কোনও রাজনৈতিক কর্মসূচি করবেন? সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘‘এখন দলের কোনও রাজনৈতিক কর্মসূচি গোয়ায় নেই। আপনারাও জানেন, এই সময় কোনও কর্মসূচি তৃণমূল রাখেনি।
আমার মনে হ্য়, মন্দির মসজিদ গির্জায় রাজনীতি হয় না। আপনার মনে যাঁর প্রতি আস্থা রয়েছে, সেই আস্থা থেকেই আমরা মন্দির, গুরুদ্বার, মসজিদ ও গির্জায় যাই।’’ তিনি আরও বলেন, আমার মনে হয়, ধর্ম ও রাজনীতিকে মিলিয়ে দেওয়া ঠিক নয়। ধর্ম নিজের জায়গায় থাকুক। ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দেখাও ঠিক না। রাজনীতির প্রচার রাজনীতির ময়দানেই হওয়া উচিত।’’ কোনও উৎসবের সময় রাজনৈতিক কর্মসূচি রাখে না তৃণমূল। বছর শেষে গোয়ায় বড়দিনের উৎসবের সঙ্গে নতুন বছরের আগমনের জন্য নানা সামাজিক অনুষ্ঠান চলছে। তাই অভিষেক সেখানে গেলেও কোনও রাজনৈতিক কর্মসূচি রাখা হয়নি।
নাগাল্যান্ড গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করবে রাজ্যের SIT, অনুমতি দিল সেনা’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ডিসেম্বরের গোড়ার দিকে জঙ্গি সন্দেহে সেনাবাহিনীর কমান্ডোদের গুলিতে ১৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে নাগাল্যান্ডে (Nagaland)। যার পর তোলপাড় পড়ে যায় গোটা দেশে। বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়। অপরপক্ষে নতুন করে বিশেষ আইন আফস্পা (AFSPA) প্রত্যাহারের দাবি উঠেছে। এই অবস্থায় নাগাল্যান্ড হত্যাকাণ্ডের তদন্তে রাজ্যের বিশেষ তদন্তকারী দলকে (SIT) জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা।
গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হন ১৪ জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশ। সেই সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। আরও অভিযোগ ওঠে, সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল। ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। জোরাল হয় আফস্পা প্রত্যাহারের দাবি। এবার ওই ঘটনায় রাজ্যের তদন্তকারী দলকে সেদিন রাতে ‘অপারেশনে’ থাকা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা।
হঠাৎই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান! কেন এমন ভোলবদল পাক সুপ্রিমোর?- প্রতিদিন
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইমরান খানের (Imran Khan)। বিরোধীদের তোপে পাক (Pakistan) প্রধানমন্ত্রী এমনিতেই কোণঠাসা। এই পরিস্থিতিতে আচমকাই তাঁর মুখে ‘শত্রু’ ভারতের প্রশস্তি! যা শুনে বিস্মিত ওয়াকিবহাল মহল। প্রশ্ন উঠছে, হল কী ইমরানের?
ঠিক কী বলেছেন ইমরান? লাহোরে (Lahore) টেকনোপলিসের এক অনুষ্ঠানে গত ২৩ ডিসেম্বর নাকি প্রযুক্তিক্ষেত্রে ভারতের দাপটের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, এবিষয়ে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। তাঁর মতে, আগামী ১৫-২০ বছরের মধ্যে প্রযুক্তিক্ষেত্রে ভারত ১৫০ বিলিয়ন ডলার রপ্তানিতে পৌঁছবে। যেখানে পাকিস্তানের ক্ষেত্রে তা হতে পারে মাত্র ২ বিলিয়ন ডলার। প্রসঙ্গত, ইমরানের মুখে ভারত-প্রশস্তি এই প্রথম নয়। গত মার্চে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রীতিমতো ভারত বন্দনায় মেতে উঠতে দেখা যায় তাঁকে। সেই সময় ঠিক কী বলেছিলেন পাক প্রধানমন্ত্রী?
তিনি জানিয়েছিলেন, ৫০-৫৫ বছর আগে সারা বিশ্বে উন্নয়নের প্রতীক হিসেবে পাকিস্তানকে ধরা হত। তাঁর দেশের এমনই একটা ভাবমূর্তি ছিল বিশ্বের কাছে। এরপরই দুর্নীতি আকাশ ছুঁয়ে ফেলতে শুরু করেছিল ইসলামাবাদের। উলটো ছবি ছিল ভারতে। তিনি বলেছিলেন, ”ক্রিকেট খেলতে যখন ভারতে যেতাম, তখন মনে হত কোনও গরিব দেশ থেকে এক সম্পদশালী উন্নত দেশে খেলতে এসেছি।”
পার্সটুডে/বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
#