জানুয়ারি ০১, ২০২২ ১২:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা:১ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ২০২২ সালেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: মির্জা ফখরুল: প্রথম আলো
  • নতুন বছরে করোনার অবসান হবে, আশা ডব্লিউএইচওর প্রধানের-দৈনিক কালেরকণ্ঠ
  • দেশের সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সেতুমন্ত্রীর-এনটিভিবিডি অনলাইন
  • সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ-৪ মামলায় আসামি ৮০০, অস্ত্রধারীদের আটক করতে পারেনি পুলিশ-- দৈনিক মানবজমিন

  • ব্যবসায়ীদের প্রতি যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী: যুগান্তর

ভারতের শিরোনাম:

  • শহরে করোনা আক্রান্ত বহু চিকিৎসক, জোড়া টিকা নিয়েও ফের পজিটিভ ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • সংক্রমণ বাড়তেই কলকাতায় ফের চালু হচ্ছে সেফ হোম, জানালেন মেয়র’ আজকাল
  •  মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনা আক্রান্ত, কোভিড আতঙ্কে কোপ বিধানসভা অধিবেশনেও!-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি

২০২২ সালেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: মির্জা ফখরুল: প্রথম আলো

নতুন বছর ২০২২ সালেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই প্রত্যাশা ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইংরেজি নতুন বর্ষে আমি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, এই নববর্ষে ২০২২ সালে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

ব্যবসায়ীদের প্রতি যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী: যুগান্তর

দেশের ভাবমূর্তি রক্ষার জন্য ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনারা পণ্যের গুণগত মান ধরে রেখে যেন বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন, সেদিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন। শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি পূর্বাচলের মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে উদ্যোক্তাদের গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন পণ্যের কেমন চাহিদা, কোনটির মান কোন ক্ষেত্রে বাড়ানোর সুযোগ রয়েছে, সে দিকে দৃষ্টি দিতে হবে। নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে আপনাদের এগিয়ে যেতে হবে।

নতুন বছরে করোনার অবসান হবে, আশা ডব্লিউএইচওর প্রধানের-দৈনিক কালেরকণ্ঠ

নতুন বছরে পৃথিবী থেকে মহামারি করোনাভাইরাসের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। শুক্রবার (৩১ ডিসেম্বর) ২০২১ সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্কবার্তাও উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘দুই বছরে আমরা এখন এই ভাইরাসকে ভালভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি। ’

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ-৪ মামলায় আসামি ৮০০, অস্ত্রধারীদের আটক করতে পারেনি পুলিশ-- দৈনিক মানবজমিন

সিরাজগঞ্জে গতকাল আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় মামলা হলো চারটি। তবে সেই অস্ত্রধারীসহ এখনো আটক হয়নি কেউ। আতংকে শহরবাসী।বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী যুবকদের কাউকে আটকও করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। শহরের পরিস্থিতি এখনও থমথমে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার একদিন পর শুক্রবার পুলিশ বাদী হয়ে তিনটি মামলা ও একজন স্থানীয় বাসিন্দা বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। চারটি মামলায় আট শতাধিক আসামি ও অজ্ঞাত এক হাজার জনকে করে মামলা দাখিল হয়েছে।তবে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি।

দেশের সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সেতুমন্ত্রীর-এনটিভিবিডি অনলাইন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী তাঁর বাসভবনে আজ শনিবার সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান। আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশায় নয়া উৎসর্গীকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

শহরে করোনা আক্রান্ত বহু চিকিৎসক, জোড়া টিকা নিয়েও ফের পজিটিভ ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ- দৈনিক আনন্দবাজার পত্রিকা

নেওয়া ছিল করোনার জোড়া টিকা। করোনা আক্রান্তও হয়েছিলেন কয়েক মাস আগে। এ বার ফের করোনা সংক্রমিত হলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়। আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন তিনি। শুক্রবার তাঁর করোনা ধরা পড়ে। তাঁর সামান্য জ্বর ও সর্দির উপসর্গ আছে। এ দিকে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ও শুক্রবার থেকে করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরও মৃদু জ্বর ও সর্দি, কাশির উপসর্গ রয়েছে। আপাতত শ্যামাশিস বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। কলকাতার চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রমেই দাপট বাড়ছে করোনার। এর আগে শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ-সহ ২৫ জন শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন। গোটা রাজ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে অন্তত ৬০ জন দন্ত চিকিৎসক করোনা আক্রান্ত বলে খবর।

মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনা আক্রান্ত, কোভিড আতঙ্কে কোপ বিধানসভা অধিবেশনেও!-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রতিদিন আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন (Omicron)। নতুন বছরের শুরুতেও সেই ধারা অব্যাহত রইল। সম্ভবত করোনার (Covid) নতুন স্ট্রেনের দাপটেই একলাফে অনেকটা বেড়ে গেল দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২২ হাজারেরও বেশি। অ্যাকটিভ কেস লাখ পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জানা গেল, মহারাষ্ট্রের (Maharashtra) ১০ মন্ত্রী এবং ২০ জন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। এদিন একথা জানান সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Deputy Chief Minister Ajit Pawar) ।

শনিবার মন্ত্রী ও বিধায়কদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশনের সময় কমানো হচ্ছে বলেও জানান অজিত পাওয়ার। বলেন, “সাধারণ মানুষকে বুঝতে হবে যে রাজ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা। এই কারণেই বিধানসভার অধিবেশন কমিয়ে ৫ দিন করা হয়েছে। আমাদের ১০ জন মন্ত্রী ও ২০ জন বিধায়ক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন।” 

সংক্রমণ বাড়তেই কলকাতায় ফের চালু হচ্ছে সেফ হোম, জানালেন মেয়র’ আজকাল

সংক্রমণ বাড়ছে কলকাতায়।

এই পরিস্থিতিতে শহরে ফের সেফ হোম, এমনকী কনটেনমেন্ট জোন চালু করতে চলেছে কলকাতা পুরসভা। জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়েছে কলকাতায়। পজিটিভিটি রেট ১২ শতাংশ। এমনটাই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে। তাই আর সময় নষ্ট নয়। ফিরহাদ হাকিম বলেছেন, ‘‌কলকাতায় ৮০ শতাংশই উপসর্গহীন। ১৭ শতাংশের সামান্য উপসর্গ রয়েছে। মাত্র ৩ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো ৬–৭ জন থাকেন, তাঁদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের সেফ হোম সোমবার থেকে চালু হয়ে যাচ্ছে। কোনও বাড়ি বা আবাসনে ৫–৬ টা কেস থাকলে কনটেন্টমেন্ট জোন করা হবে।’‌ আজ ১ জানুয়ারি। মানুষ উৎসবে মাতবেন। শহরবাসীর জন্য ফিরহাদের বার্তা, ‘‌উপসর্গহীনদের প্রথমবার টেস্ট করার ৫ দিন পর ফের টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে স্বাভাবিক জীবনযাপনে আপত্তি নেই।’‌ পুরসভার কর্মীদের জন্যও একই বার্তা দেন ফিরহাদ।# 

 

পার্সটুডে/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।