এক নজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম :
- শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২৪ জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন: প্রথম আলো
- দেশে করোনা সংক্রমণ বাড়ছেই : এক দিনে শনাক্ত ৭৭৫, মৃত্যু ৬’-দৈনিক কালেরকণ্ঠ
- অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, কমছে দোকানপাট খোলার সময়: স্বাস্থ্যমন্ত্রী!-দৈনিক ইত্তেফাক
- চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের নির্দেশ, এবছর চালু হচ্ছে পদ্মাসেতু-মেট্রোরেল-কর্ণফুলী টানেল’-- দৈনিক মানবজমিন
- ৫ জানুয়ারির পরের সব নির্বাচন কিম্ভুতকিমাকার: রিজভী : যুগান্তর
- নারী পর্যটককে গণধর্ষণকাণ্ডে অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক : হাইকোর্ট-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- করোনা আবহে দুঃস্থদের বাড়িতে খাবার পাঠাবে রাজ্যে সরকার, নির্দেশিকা নবান্নের- দৈনিক পুবের কলম
- ওমিক্রন-ঢেউয়ের মধ্যে ফ্রান্সে খোঁজ মিলল করোনার নতুন প্রজাতির, আক্রান্ত বেড়ে ১২ ’ আজকাল
- উল্টো পথে দিল্লি! সংক্রমণ বৃদ্ধির মধ্যেই বাস-মেট্রোয় ১০০ শতাংশ যাত্রী তোলার সিদ্ধান্ত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা!
শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার প্রশ্ন
১. ২০ বছর পর রোগীর পেটে মিলল অপারেশনের কাঁচি। মেহেরপুরের গাংনী উপজেলায় ঘটেছে এই ঘটনা। কি বলবেন আপনি?
২. জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাম্পকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। আইনের দৃষ্টিকোণ থেকে আপনি এ বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন?
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২৪ জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন: প্রথম আলো
কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ২৪ জন দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এক সপ্তাহের মধ্যে রংপুর ও আশপাশের উপজেলায় দগ্ধ হওয়া ব্যক্তিদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিন হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। রংপুরের মিঠাপুকুর উপজেলার দগ্ধ সামসুন্নাহারের (৫৫) শয্যার পাশে তাঁর মেয়ে রাজিয়া সুলতানা ছিলেন। তিনি বলেন, গত শনিবার সকাল ৮টার দিকে চুলায় আগুন পোহাতে গিয়ে কখন যে শাড়ির পেছনে আগুন ধরে যায়, তাঁর মা বুঝতে পারেননি। তাঁর মায়ের চিৎকার শুনে ছুটে যান বাড়ির লোকজন। মোটা কাপড় দিয়ে আগুন নেভানো হলে, শরীর ঝলসে যায়। এরপর তাঁকে রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে চিকিৎসাসেবা নিতে আসা দগ্ধ সাহেরা খাতুনের (৬৫) শয্যার পাশে থাকা তাঁর ছেলের বউ রূপালী বেগম বলেন, ফজরের নামাজ পড়ার পর বাড়ির বাইরে আগুন পোহাতে গিয়ে শাড়ির পেছনে আগুন লাগে। আগুনে তাঁর শাশুড়ির শরীর ঝলসে যায়। তাঁকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেলে নেওয়া হয়।
আগুন পোহাতে গিয়ে কুড়িগ্রামের রৌমারীর চরাঞ্চলে তসলিমার (৪০) শরীরের হাঁটু থেকে কোমর পর্যন্ত দগ্ধ হয়েছে। পরে তাঁকে রংপুর মেডিকেলে আনা হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি এলাকার মমতাজ উদ্দিনের ১০ বছরের শিশু সালামের পাসহ শরীরে বিভিন্ন অংশ দগ্ধ হয়। তাকেও এই হাসপাতালে আনা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক সহকারী অধ্যাপক এম এ হামিদ প্রথম আলোকে বলেন, শীতের সময় রংপুর অঞ্চলে আগুন পোহানোর কারণে অসাবধানতাবশত দগ্ধ হয়েছেন, এমন ২৪ জন নারী-পুরুষ ও শিশু চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, গত বছর শীতে আগুন পোহাতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জনের মৃত্যু হয়েছে।
রংপুর আবহাওয়া অফিস সূত্র জানা যায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ থেকে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। সেই সঙ্গে হিমেল বাতাস আর ঘন কুয়াশা শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
দেশে করোনা সংক্রমণ বাড়ছেই : এক দিনে শনাক্ত ৭৭৫, মৃত্যু ৬’-দৈনিক কালেরকণ্ঠ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭ জনে। নতুন করে আরো ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ ও ২ জন নারী । তাদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, কমছে দোকানপাট খোলার সময়: স্বাস্থ্যমন্ত্রী!-দৈনিক ইত্তেফাক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ওমিক্রন মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসছে। একই সঙ্গে কমছে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়। এ বিধিনিষেধ বাস্তবায়নে আগামী সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কেবিনেটের সঙ্গে গতকাল মিটিং করেছি। বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো এখনো ফাইনাল না। কেবিনেট থেকে এগুলো ফাইনাল করা হবে। এর আগে যে আলোচনা হয়েছে, করোনাভাইরাস রুখতে হবে একারনেই এ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।
জাহিদ মালেক বলেন, যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবেন তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। পরিবহনের মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং লঞ্চ থাকবে এটা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। আমাদের প্রস্তাবনায় রয়েছে। তারপরে যাত্রী সংখ্যা সেখানে বাস এবং অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেস্টুরেন্ট-হোটেল সেখানেও মাস্ক পড়ে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারেরও ফাইন হবে যে যাবে তারও ফাইন হবে। দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। রাত ৮টা পর্যন্ত ১০টার পরিবর্তে, এটাও প্রস্তাব করা হয়েছে। টিকা নেওয়ার জন্য তাগাদা দেয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।
স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। সংক্রমন বেশি বৃদ্ধি পেলে স্কুলের বিষয় চিন্তাভাবনা করা হবে যে এটাকে চালানো যাবে কিনা। এখনো আমরা সে সিদ্ধান্ত নেই নি, সে পরিস্থিতি এখনো বিরাজ করছে না।
জাহিদ মালেক বলেন, অনেকে জিজ্ঞেস করে লকডাউন দেওয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে। আমরা এখনো সে চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাহিরে চলে যায়, সংক্রমন অনেক বৃদ্ধি পায় তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো স্ক্রিনিং আরো জোরদার করা হয়েছে এবং কোয়ারেন্টিনে যারা থাকবে তারা যাতে বাহিরে ঘোরাফেরা না করে এজন্য পুলিশ পাহারা দেওয়া হবে। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে।
জাহিদ মালেক বলেন, আপনারা জানেন যে পৃথিবীতে ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে, পাশের দেশেও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও কিছু রোগী পাওয়া গেছে যারা ওমিক্রনে আক্রান্ত। আমরা লক্ষ্য করছি সপ্তাহখানেক যাবত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত ১০ দিন আগেও এটা ২০০ থেকে আড়াইশর মধ্যে ছিলো। গতকাল এটা পৌণে ৭শ হয়ে গেছে। যেভাবে বাড়ছে এটা আশঙ্কাজনক।
‘ডিসি এসপিদের বলা হয়েছে তারা এ নির্দেশ যখন পাবে তা যেন দ্রুত বাস্তবায়ন করে। আগে ১৫ দিন সময় দেয়ার কথা বলা হয়েছিলো কিন্তু আজ প্রপোজ করেছি ১৫ দিন নয় সাত দিন দেয়ার জন্য। এটা কেবিনেট সচিবকে বলা হয়েছে তিনিও একমত পোষণ করেছেন। এটা সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’
চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের নির্দেশ, এবছর চালু হচ্ছে পদ্মাসেতু-মেট্রোরেল-কর্ণফুলী টানেল’-- দৈনিক মানবজমিন
বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি। এছাড়াও চলতি বছরেই পদ্মাসেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এতে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা।সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মেট্রোরেল শুধু ঢাকাতে থাকবে কেন, চট্টগ্রামের জন্যও মেট্রোরেল প্রকল্প নিতে হবে। যেসব শহরের সঙ্গে এয়ারপোর্ট আছে, সেসব শহরে পর্যায়ক্রমে সংযুক্ত করে প্রকল্প নিতে হবে।তিনি আরও বলেন, এবছরেই পদ্মাসেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেয়া হবে। এই তিন প্রকল্প উন্মুক্ত হলে জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ২.৫০ শতাংশ বাড়বে।
নারী পর্যটককে গণধর্ষণকাণ্ডে অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক : হাইকোর্ট-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
কক্সবাজারে স্বামী ও শিশুসন্তানকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তদন্ত চলাকালে বিভিন্ন সংস্থার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতের রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী আবদুল্লাহ আল হারুন।
শুনানিকালে হাইকোর্ট বলেন, কক্সবাজারে গণধর্ষণের ঘটনায় তদন্ত চলছে। তবে তদন্ত চলাকালে একেক সংস্থার একেক ধরনের প্রতিবেদন কাম্য নয়। তদন্ত কর্মকর্তার ব্রিফিং কাম্য নয়। এমনকি তদন্ত চলাকালে বিভিন্ন সংস্থার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক। এতে করে মানুষের মাঝে ভুলবার্তা যাবে।
এছাড়া কোনো ঘটনার বিষয়ে কে কথা বলবেন, কতটুকু বলবেন তা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় বিচারিক অনুসন্ধান চেয়ে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট করে সুপ্রিমকোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হারুন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, বেসামরিক বিমান ও পর্যটন সচিব, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
ওই ঘটনায় কক্সবাজার জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারিক অনুসন্ধান করার এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রিট আবেদনে রুল জারির আরজি জানানো হয়।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে ওই নারী পর্যটককে তুলে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র।
আদালতে দেওয়া জবানবন্দিতে ওই নারী জানিয়েছেন, আট মাস বয়সি অসুস্থ বাচ্চার চিকিৎসায় অর্থ জোগাড়ে স্বামীসহ গত তিন মাস ধরে কক্সবাজারে এসেছেন। আট মাস বয়সি শিশুর হার্টে ছিদ্র রয়েছে। তার চিকিৎসায় ১০ লাখ টাকা প্রয়োজন। যে কোনো মূল্যে সন্তানকে বাঁচাতে টাকা জোগাড় করাই ছিল তার লক্ষ্য ও উদ্দেশ্য। তার মধ্যে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। একবার বাধ্য হয়ে ১০ হাজার টাকা চাঁদা দিয়েছেন। পরে আবার চাঁদা চাইতে গেলে স্বামীর সঙ্গে সন্ত্রাসীদের বাগবিতণ্ডা হয়। এর সূত্র ধরে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে।
ওই নারী জবানবন্দিতে আরও জানান, তাকে সৈকত পোস্ট অফিসের কাছে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকের দুই বন্ধু তাকে ধর্ষণ করে। এর পর আশিক তাকে আবার মোটরসাইকেলে তুলে নিয়ে যায় কলাতলী এলাকার জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। তাকে নিয়ে ওই হোটেলের একটি কক্ষে ওঠে আশিক। সেখানে ইয়াবা সেবন করে ধর্ষণের একপর্যায়ে একটি ফোনকলে পুলিশের উপস্থিতির কথা জানতে পেরে আশিক কক্ষ থেকে দ্রুত বের হয়ে যায়।
ভুক্তভোগী ওই নারী আরও জানান, তিনি হোটেল কক্ষ থেকে বের হয়ে পর্যটন মোটেলের সামনের সড়কে আসেন। সেখানে স্বামীকে দেখতে পান র্যাবের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলতে। র্যাব তাকে নিয়ে হোটেল জিয়া গেস্ট ইনে আসেন।
৫ জানুয়ারির পরের সব নির্বাচন কিম্ভুতকিমাকার: রিজভী : যুগান্তর
আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনি সংস্কৃতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত এই সরকারের যতগুলো নির্বাচন হয়েছে তা ছিল কিম্ভুতকিমাকার ও উদ্ভট, যা ছিল একতরফা, প্রতিদ্বন্দ্বিতাহীন, নিশিরাতে ব্যালট বাক্স ভর্তি করা, পাইকারি হারে জালভোট দেওয়া, ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি, গায়েবি ভোট, ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ একের পর এক অভিনব ভোট।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনই গণতন্ত্রকে পাত্তা দেয় না। জনগণের ক্ষমতার প্রতি অবিশ্বাসী-অবিশ্বস্ত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিল। এর পর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।
‘আওয়ামী সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, উদার মনোভাব, সবার একত্রীকরণ, সাংস্কৃতিক অনুরণন, বিনা বাধায় নিজের পছন্দমতো বিশ্বাস নিয়ে চলার অধিকার নেই। ’
তিনি বলেন, ২০০৮ সাল থেকে যে সরকার ক্ষমতায় বসে আছে সে ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাতে একই কায়দায় মানুষের অধিকার হরণ করা হয়। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। মানুষের বাকস্বাধীনতায় তালা মেরে দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগের আয়নায় সবকিছু দেখতে গিয়ে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে। সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের ওপর চলছে অঘোষিত নিষেধাজ্ঞা। কথায় কথায় জারি করা হচ্ছে বিরোধী দলের সমাবেশের ওপর ১৪৪ ধারা। মানুষ সত্য উচ্চারণের সঙ্গে সঙ্গে তার ওপর নেমে আসে নানা কালাকানুন অথবা গুম-খুনের মতো ঘটনা। কথা বললেই নেমে আসে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার খড়গ। এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনের যত মামলা করা হয়েছে সকল মামলা সরকারের সমালোচনা করার জন্য। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার। ৫ লাখের বেশি মামলা দেওয়া হয়েছে শুধু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
করোনা আবহে দুঃস্থদের বাড়িতে খাবার পাঠাবে রাজ্যে সরকার, নির্দেশিকা নবান্নের- দৈনিক পুবের কলম
রাজ্যে করোনা, ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুঃস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবারই সব জেলাশাসককে এই নির্দেশের কথা জানানো হয়েছে নবান্ন তরফে।
জানা গেছে, চাল, ডাল, মুড়ি, বিস্কুটের প্যাকেট পৌঁছে দেওয়া হবে। খাবার যাতে বাড়ি পর্যন্ত যায়, তার দিকে কড়া দৃষ্টি দেওয়া হবে। প্রয়োজনে স্থানীয় পুলশের সাহায্য নেওয়া যেতে পারে বলেও নবান্ন তরফে পরামর্শ নেওয়া হয়েছে। শুধু খাবার নয়, এই বিপদকালে কোনও মানুষ যদি কোনওরকম সমস্যায় পড়ে, জেলা প্রশাসন যাতে এগিয়ে যায়, সমস্ত রকম ব্যবস্থা করে সেই নির্দেশও দেওয়া হয়েছে। করোনায় বহু মানুষ তাদের চাকরি খুইয়েছেন, অর্ধেক বেতন পেয়েছে। এই অবস্থায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল রাজ্য সরকার।
উল্টো পথে দিল্লি! সংক্রমণ বৃদ্ধির মধ্যেই বাস-মেট্রোয় ১০০ শতাংশ যাত্রী তোলার সিদ্ধান্ত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
করোনা আবহের মধ্যেই দিল্লিতে পুরোদমে শুরু হচ্ছে মেট্রো এবং বাস পরিষেবা। মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এই ঘোষণা করে বলেন, ‘‘সপ্তাহের পাঁচটি কাজের দিনে ১০০ শতাংশ যাত্রী নিয়েই মেট্রো এবং বাস চলচল করবে।’’ তবে রাতের কার্ফু এবং শনি ও রবিবার দিল্লিতে কড়া কোভিডবিধি চালু থাকবে বলে জানিয়েছে সিসৌদিয়া। সামগ্রিক ভাবে গোটা দেশের পাশাপাশি দিল্লিতেও উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৫,৪৮১। সংক্রমণের হার (পজিটিভিটি রেট) প্রায় সাড়ে ৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৩৮২ জনের শরীরে জিন বিন্যাস পরীক্ষায় ওমিক্রনের খোঁজ মিলেছে। এ পর্যন্ত দেশে ওমিক্রন সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। এই পরিস্থিতিতে পুরোদমে দিল্লি মেট্রো এবং বাস পরিষেবা চালু নিয়ে প্রশ্ন উঠেছে।
ওমিক্রন-ঢেউয়ের মধ্যে ফ্রান্সে খোঁজ মিলল করোনার নতুন প্রজাতির, আক্রান্ত বেড়ে ১২ ’ আজকাল
গোটা বিশ্ব জুড়ে নয়া ত্রাস সৃষ্টি করেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন।
ইউরোপ, আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। যে পরিস্থিতিতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। এমন সময়েই ফের নতুন শঙ্কার খবর শোনাল ফ্রান্স। সেদেশে খোঁজ মিলেছে করোনার নতুন প্রজাতি 'আইএইচইউ' তথা B.1.640.2-র। ফ্রান্সের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১০ ডিসেম্বর প্রথম এই প্রজাতিতে সংক্রমণের খোঁজ মিলেছিল সেখানে। এর মধ্যে মোট ১২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। সূত্রের খবর, নতুন আক্রান্তদের মধ্যে সকলেই আফ্রিকার দেশ ক্যামেরুনে বেড়াতে গিয়েছিলেন। নতুন প্রজাতির উৎস সেই দেশ কি না, তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার নতুন প্রজাতি ৪৬ বার মিউটেশনের মধ্যে দিয়ে গিয়েছে, যা ওমিক্রনের থেকেও বেশি। ফলে অ্যান্টিবডির প্রাচীর ভেঙে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা এর অনেক বেশি। বর্তমানে ফ্রান্সের ৬০ শতাংশ কোভিড আক্রান্তের জন্য দায়ী ওমিক্রন। তাই নতুন প্রজাতিতে আক্রান্তের খবর পাওয়া গেলেও, ওমিক্রনকে সরিয়ে ডমিনেন্ট স্ট্রেন এখনই হবে না 'আইএইচইউ'।
#
পার্সটুডে/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।